প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪ ১৯:৪৫ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪ ২০:০৭ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত তিন দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাংবাদিকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। এ অবস্থায় সোমবার (১৮ নভেম্বর) কপ-২৯ সম্মেলন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।
তিনি বলেন, ‘পিআইডি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়ায় যেসব সাংবাদিক মনে করছেন তাদের প্রতি অবিচার হয়েছে, তারা আবেদন করতে পারেন। যাচাই-বাছাই করে তা দেখা হবে।’
গত ৭ নভেম্বর সর্বশেষ ১১৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। এরআগে, ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের ও ৩ নভেম্বর আরও ২৯ জনের কার্ড বাতিল করে পিআইডি।
সংশ্লিষ্টদের কার্ড বাতিলের চিঠিতে জানানো হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে এসব সাংবাদিক ও ব্যক্তিদের অনুকূলে তথ্য অধিদপ্তর থেকে এর আগে ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো।