প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ২১:১২ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪ ২১:২৬ পিএম
আগামী এক সপ্তাহের মধ্যে সম্পাদক ড. মাহমুদুর রহমান ও তার স্ত্রীর বিরদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে দেওয়া সাজা বাতিল এবং দৈনিক আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেওয়াসহ পত্রিকা দ্রুত প্রকাশের সব প্রতিবন্ধকতা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও পেশাজীবী নেতারা।
শনিবার (১৭ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সাংবাদিক ও পেশাজীবী নেতারা এসব দাবি তুলে ধরেন। সামাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন বিএফইউজের সাবেক সভাপতি ও আমার দেশের নগর সম্পাদক এম. আবদুল্লাহ।
সমাবেশে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজে মহাসচিব ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, বিএফইউজে সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, বর্তমান সভাপতি মো. শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতারা বলেন, আমার দেশ পত্রিকা বন্ধ করে সংবাদকর্মীদের দীর্ঘ প্রায় একযুগ বেকার রাখা এবং পত্রিকার প্রেস জব্দ করে রেখে যন্ত্রপাতি বিনষ্ট ও লুটপাটের ক্ষতিপূরণ দিতে হবে।