× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্পাদক গোলাম সারওয়ারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৪:১৯ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ১৪:৩৩ পিএম

বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ার। ছবি : সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ার। ছবি : সংগৃহীত

দেশের আধুনিক সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ, বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০১৮ সালের এই দিনে ৭৫ বছর বয়সে তিনি মারা যান। সে সময় তিনি সমকালের সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি এ পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পদক। দৈনিক যুগান্তরও তার হাতে প্রতিষ্ঠিত।

পরিবারের পক্ষ থেকে আজ মঙ্গলবার মরহুমের রুহের মাগফেরাত কামনায় ঢাকার উত্তরার বাসায় দোয়া ও মোনাজাত করা হবে। এ ছাড়া পরিবার এবং গোলাম সারওয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুমের জন্মস্থান বরিশালের বানারীপাড়ায়ও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে দিনভর কোরআনখানি ও বানারীপাড়া উত্তরপাড় বেগম ফজিলাতুন নেছা এতিমখানায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

গোলাম সারওয়ার ষাটের দশকে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তখন থেকে টানা পাঁচ দশকের বেশি সময় তিনি এ পেশায় মেধা, যুক্তিবোধ, পেশাদারি, দায়িত্বশীলতা, অসাম্প্রদায়িক চিন্তা- চেতনার চর্চার মাধ্যমে নিজেকে এবং বাংলাদেশের সংবাদপত্রকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেন। দেশের সাংবাদিকতায় প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্মানসহ এমএ ডিগ্রি অর্জন করেন। ঢাবিতে ছাত্র অবস্থায় ১৯৬২ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা পেশায় তার অভিষেক। একই বছর দৈনিক সংবাদের সহসম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত সংবাদে কর্মরত ছিলেন। এরপর মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে তিনি নিজ এলাকা বরিশালের বানারীপাড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

১৯৭২ সালে দৈনিক ইত্তেফাকে জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে যুক্ত হন। ১৯৯৯ সাল পর্যন্ত যথাক্রমে প্রধান সহসম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। গোলাম সারওয়ার দৈনিক যুগান্তরেরও প্রতিষ্ঠাতা সম্পাদক। দেশের দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের প্রভাবশালী সংগঠন বাংলাদেশ সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। মেধা, নিষ্ঠা ও দক্ষতায় উৎকর্ষের কারণে গোলাম সারওয়ারকে অনেকেই ‘সাংবাদিকদের শিক্ষক’ হিসেবে অভিহিত করেন। তিনি ছিলেন এ দেশের সংবাদপত্রে সাফল্য ও পেশাদারির প্রতীক।

গোলাম সারওয়ার ছিলেন একজন দক্ষ ছড়াকার। তার লেখা বইয়ের মধ্যে ‘রঙিন বেলুন’, ‘সম্পাদকের জবানবন্দি’, ‘অমিয় গরল’, ‘আমার যত কথা’ এবং ‘স্বপ্ন বেঁচে থাক’ উল্লেখযোগ্য।

সাংবাদিকতায় অনন্য ভূমিকার জন্য ২০১৪ সালে একুশে পদক, ২০১৬ সালে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) আজীবন সম্মাননা ও ২০১৭ সালে আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা লাভ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা