প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩০ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১০ পিএম
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ইমতিয়াজ আহমেদ-এর কিশোর উপন্যাস ‘ভূতুড়ে জঙ্গল’। গ্রামীণ পটভূমিতে শিশু-কিশোরদের জন্য লেখা বইটি প্রকাশ করেছে ‘প্রিয় বাংলা’। বইটির প্রচ্ছদ করেছেন এসএম জসিম ভূঁইয়া।
প্রকাশক জানান, বইমেলার ৪০১ ও ৪০২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এ ছাড়া রকমারি, প্রথমা, বইফেরীসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকে বইটি অর্ডার করা যাচ্ছে। বইটির মলাটমূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
বইটি সম্পর্কে ইমতিয়াজ আহমেদ বলেন, ‘গ্রামীণ পটভূমিতে লেখা বইটির কাহিনী অ্যাডভেঞ্চারমূলক। একদল কিশোরের বন্ধুত্বপূর্ণ ভালোবাসা, ভূতের অনুসন্ধান, ভৌতিক আবহের আড়ালে অপরাধের সন্ধান, শ্বাসরুদ্ধকর অভিযান, শ্রেণিকক্ষে সহপাঠীদের সঙ্গে খুনসুটি, বন্ধুর প্রতি মমত্ববোধ ও মানবিক হয়ে ওঠার গল্প রয়েছে উপন্যাসটিতে। যা কিশোর বয়সিদের আনন্দের খোড়াক হয়ে উঠবে।’
ইমতিয়াজ আহমেদ পেশায় শিক্ষক। পাশাপাশি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করেন। গল্প লেখার মধ্য দিয়ে সাহিত্যচর্চার হাতেখড়ি। লেখকের প্রকাশিত অন্য বই- ‘কুয়াশায় মোড়ানো বিকেল’, ‘মৃত্যু’, ‘শূন্যতা ছুঁয়ে যায়’, ‘কবিতা ও প্রেম’ এবং ‘অশ্রু তুমি চিবুকেই হও শেষ’।