বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ২০:১৬ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ২০:২৫ পিএম
নগরীর আগরপুর রোডে প্রয়াত মিহির দত্তের বাসভবনের সামনে বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো
বরিশালের চারণকবি মুকুন্দ দাসের জীবনী নিয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মিহির দত্তের লেখা বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) নগরীর আগরপুর রোডে প্রয়াত মিহির দত্তের বাসভবনের সামনে এই অনুষ্ঠান হয়। শিশু ও মুক্তিযোদ্ধাদের নিয়ে এর আয়োজন করে শহীদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বইটির লেখক মিহির দত্তর ছেলে ও শহীদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের সদস্য সচিব শুভব্রত দত্ত।
তিনি বলেন, ‘চারণকবি মুকুন্দ দাসের জীবনীর ওপর লেখা বইটি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মিহির দত্ত তার জীবনদশায় লেখা শুরু করেন। কিন্তু তার মৃত্যুতে তা বই আকারে প্রকাশিত হয়নি।’
দীর্ঘ ১৮ বছর পর পাণ্ডুলিপিকে বই আকারে প্রকাশ করেন মিহির দত্তের ছেলে শুভব্রত দত্ত। বইটি আখঁরী প্রকাশনীর মাধ্যমে বেরিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা কেএস মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আরম ফরিদ, চারণকবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালিবাড়ি মন্দিরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুকুল চন্দ্র মুখার্জী, বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের প্রভাষক অনীশ মন্ডল, প্রভাষক পুনা হালদার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বরিশালের সদস্য সচিব বাহাউদ্দিন গোলাপ ও শহীদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের আহ্বায়ক আরিফুর রহমান।