প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৩ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৮ পিএম
প্রতিদিনের বাংলাদেশ ঈদসংখ্যা ২০২৬ এ থাকছে তিনজন বিশিষ্ট লেখকের স্মৃতিচারণধর্মী লেখা। ছবি: কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ
আসন্ন ঈদ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে ‘প্রতিদিনের বাংলাদেশ’ ঈদসংখ্যা ২০২৬। এবারের বিশেষ সংখ্যায় পাঠকদের জন্য থাকছে অনবদ্য তিনটি স্মৃতিগদ্যসহ কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ ও নিবন্ধের সমাহার।
ঈদসংখ্যার প্রধান আকর্ষণ হিসেবে থাকছে তিনজন বিশিষ্ট লেখকের স্মৃতিচারণধর্মী লেখা।
প্রবীণ লেখক সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন শৈশব-কৈশোরের দিনযাপন ও প্রিয় জনপদকে ঘিরে স্মৃতিময় রচনা ‘আমাদের সেই বিক্রমপুর’। ব্যক্তিগত স্মৃতি ও সামাজিক ইতিহাসের মেলবন্ধনে রচিত এই লেখাটি পাঠকদের নস্টালজিয়ায় ভাসাবে বলে আশা করা হচ্ছে।
কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগর তুলে ধরেছেন কিংবদন্তি কথাশিল্পী রাবেয়া খাতুনকে নিয়ে তাঁর স্মৃতিচারণমূলক লেখা ‘আমার আম্মা’। এতে ব্যক্তিগত সম্পর্কের আবেগঘন দিক যেমন রয়েছে, তেমনি আছে সাহিত্যজগতের অজানা কিছু প্রসঙ্গও।
এছাড়া জনপ্রিয় লেখক আফজাল হোসেন লিখেছেন স্বজনদের সঙ্গে কাটানো মধুর সময় নিয়ে স্মৃতিনির্ভর রচনা ‘একেকরকম বেঁচে থাকা’। পারিবারিক আবহ ও জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতা উঠে এসেছে এই লেখায়।
এবারের ঈদসংখ্যায় স্মৃতিগদ্যের পাশাপাশি থাকছে সমকালীন ও প্রথিতযশা লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ ও নিবন্ধ—যা পাঠকদের জন্য ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তুলবে।