বগুড়া অফিস
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২০:০০ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ২০:১৩ পিএম
বিটিভির ঐতিহ্যবাহী শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’তে নজরুলসংগীতের ‘খ’ বিভাগে দেশসেরা হয়েছে বগুড়ার আজমাঈন আরহাম প্রান্ত। দেশব্যাপী শত শত প্রতিযোগীর মধ্যে নিজের গায়কিতে স্বতন্ত্রতা দেখিয়ে চ্যাম্পিয়ন হয়ে বগুড়ার সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন আলোচনার জন্ম দিয়েছে নবম শ্রেণির এই শিক্ষার্থী।
প্রান্ত বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রথম বছরেই বিভাগসেরা হওয়ায় প্রতিষ্ঠানজুড়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে।
শিক্ষকরা বলছেন, প্রান্তের সাফল্য বগুড়ার সংগীতচর্চার ইতিবাচক ধারাকে আরও শক্তিশালী করবে। সহপাঠীরাও তার এই অর্জনে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় থেকেই সংগীতের প্রতি গভীর আগ্রহ ছিল প্রান্তের। খুব অল্প বয়সেই পরিবারের উৎসাহে শুরু করে উচ্চাঙ্গসংগীতের তালিম। বর্তমানে সে শেরপুরের সুর সারগাম সংগীত বিদ্যালয়ে আব্দুল আলীম ও রোজিনা আলীমের কাছে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে।
উচ্চাঙ্গসংগীতে এর আগেও জাতীয় প্রতিযোগিতায় ‘শান্ত সারা দেশ’-এ দুইবার স্বর্ণপদক অর্জন করেছে প্রান্ত। ধারাবাহিক সাফল্যের ফলে তাকে নিয়ে আশাবাদী তার পরিবার, প্রতিষ্ঠান ও প্রশিক্ষকরা।
পরিবারের সদস্যরা বলেন, সংগীতের জন্য প্রতিদিনের অনুশীলন ও অধ্যবসায়ই তাকে এই পর্যায়ে তুলেছে। নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রান্ত বলে, আমি স্বপ্ন দেখি আমার এক দিন নিজের একক অ্যালবাম বের হবে। সেই গান মানুষ মুখে মুখে গাইবে।
আরডিএ ল্যাব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান বলেন, প্রান্ত আমাদের প্রতিষ্ঠানসহ পুরো রাজশাহী বিভাগের মর্যাদা বাড়িয়ে দিয়েছে।