প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ ২০:৪৫ পিএম
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা ও ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী উৎসব সোনারগাঁও জাদুঘরের প্রাঙ্গণে সমাপ্ত হয়েছে।
এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
গত ১৪ এপ্রিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইলিয়া সুমনা এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ও বাংলাদেশ লোক ও কারুশল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সম্মানিত সদস্য চন্দ্র শেখর সাহা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
১৫ দিনব্যাপী এই বৈশাখী মেলা ও জাদুঘরের সুবর্ণজয়ন্তী উৎসবে ঐতিহ্যবাহী কারুশিল্পের বৈচিত্র্যময় কারুপণ্যের সমাহার রাখা হয়। দেশের বিভিন্ন প্রান্তের কারুশিল্পীদের এখানে স্টল বরাদ্দ দেওয়া হয়। উৎসবে জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠখোদাইশিল্প, পটচিত্র শিল্প, শোলাশিল্প, বাঁশ-বেতশিল্প এবং ক্ষুদ্র-নৃ গাষ্ঠীর কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন এবং বিপণনের সুব্যবস্থা ছিল।এছাড়াও উৎসব চলাকালীন প্রতিদিনই ছিল বাউল গান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া মেলায় পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের নানা আয়োজন ছিল। হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা তিন গুটি, সাত গুটি বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি ও কপাল টোক্কা। ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার ও পিঠাপুলির আয়োজনও ছিল এই উৎসবে।
সংস্কৃতির প্রতি ভালোবাসা ও ঐতিহ্যের সংরক্ষণে উৎসবটি ছিল এক অনন্য আয়োজন, যেখানে হাজারো দর্শক অংশগ্রহণ করে উপভোগ করেন দেশীয় কারুশিল্পের বিভিন্ন দিক।