× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনের অধ্যাপক দং ইউছেন

রবীন্দ্রনাথ বুঝতে শিখিয়েছেন বাংলা ভাষা-সাহিত্য কত গভীর ও গহন

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ২০:১৮ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৫ ২০:৩৭ পিএম

চীনের সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজ বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি’র অধ্যাপক দং ইউছেন। প্রবা ফটো

চীনের সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজ বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি’র অধ্যাপক দং ইউছেন। প্রবা ফটো

‘আমি বাংলা ভাষা ও সাহিত্যের প্রেমিক। সম্পূর্ণ রবীন্দ্ররচনা চীনা ভাষায় অনুবাদ করেছি, রবীন্দ্রনাথের জীবনী লিখেছি। রবীন্দ্রনাথ আমাকে বুঝতে শিখিয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য কত গভীর ও গহন’- এভাবেই বলছিলেন চীনের সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজ বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি’র অধ্যাপক দং ইউছেন।

এর পরে তিনি আরও বলেন, রবীন্দ্রনাথের পাশাপাশি আমি শরৎচন্দ্রসহ বাংলা সাহিত্যের আরও মহারথিদের নির্বাচিত রচনা চীনা ভাষায় অনুবাদ করেছি। এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী রচনা এবং তার নির্বাচিত কবিতা চীনা অনুবাদ প্রকাশ। আমি যতবার ঢাকায় আসি নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাই। কারণ এই মানুষটির বিদ্রোহী হৃদয়কে আমরা ভালোবাসি।

বুধবার (৫ মার্চ) দুপুরে বাংলা একাডেমির আয়োজনে ‘চীনে রবীন্দ্রচর্চার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই আয়োজন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির উপপরিচালক ড. সাইমন জাকারিয়া।

অনুষ্ঠানে দং ইউছেন আরও বলেন, আমি এবার বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা দেখতে বাংলাদেশে এসেছি। মেলা থেকে আমি প্রচুর বই কিনেছি। বাংলা একাডেমি আমার অত্যন্ত প্রিয় জায়গা। এ প্রতিষ্ঠান থেকে বহু মূল্যবান বই প্রকাশিত হয়ে আসছে; যা যে কোনো ভাষার জ্ঞানপিপাসু মানুষের চাহিদা পূরণ করবে। আমাকে আন্তরিক আতিথেয়তা প্রদানের জন্য আমি বাংলা একাডেমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, চীনের সঙ্গে আমাদের যোগাযোগ বহু প্রাচীন এবং গভীর। রবীন্দ্রনাথ এই যোগাযোগকে আরও তাৎপর্যমণ্ডিত করেছেন। বর্তমান সময়ে চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় দেশের সাহিত্যের অনুবাদগত যোগাযোগ বিশেষ প্রয়োজন। 

তিনি বলেন, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হচ্ছে, রবীন্দ্রনাথের পাশাপাশি নজরুল চর্চাও হচ্ছে। অধ্যাপক দং ইউছেন বাংলা একাডেমির আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝে বক্তৃতা করে চীনে বাংলা, রবীন্দ্রনাথ ও নজরুলচর্চার অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে স্বচ্ছ ধারণা দান করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা