চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৭ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১ পিএম
চট্টগ্রামে শহীদ মিনারের পাদদেশে শুক্রবার একুশের আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : প্রবা
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত কবিতা আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ হয়ে গেছে। একটি কবিতায় বঙ্গবন্ধুর নাম উচ্চারণের পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে অনুষ্ঠানটি বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রামে শহীদ মিনারের পাদদেশে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালের দিকে এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন। অনুষ্ঠানটি দুপুর পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু শুরুর কিছু সময় পরই একটি কবিতা আবৃত্তির সময় তাতে বঙ্গবন্ধুর নাম
উচ্চারিত হওয়ায় জাসাস নগর সভাপতি মুসা বাবলু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা অনুষ্ঠানটি বন্ধ করে দেন। এ সময় তারা আবৃত্তিশিল্পীকে হেনস্থা করেন এবং তাকে ক্ষমা চাইতে বাধ্য করেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, কবি রবিউল হুসাইনের ‘এক সেকেন্ডে মাত্র চার ফুট’ কবিতা আবৃত্তিকে ঘিরে এই ঘটনা ঘটে। কবিতার কয়েকটি লাইনে বঙ্গবন্ধু, জয় বাংলা, একাত্তর, সাতই মার্চ, মওলানা ভাসানীর মতো কিছু শব্দ ছিল। এই লাইনগুলো পড়ার পর মঞ্চের উল্টো পাশে পুলিশ প্লাজার সামনে থেকে জাসাসের নেতাকর্মীরা এসে এর প্রতিবাদ জানান।
ঘটনাস্থলে উপস্থিত একজন বলেন, কবিতাটি যিনি পড়ছিলেন তাকে জাসাস নেতাকর্মীরা হেনস্তা করেন। তাকে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে জাসাসের নগর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, “আবৃত্তির আড়ালে অনুষ্ঠানটিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চলছিল। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি। কবিতায় তারা বলেছিল- ‘একাত্তর ভুলে গেছি, মুক্তিযুদ্ধ ভুলে গেছি।’ আমরা প্রথমে তাদের এমন কবিতার ব্যাপারে নিষেধ করি। বিষয়টি বুঝতে পেরে ওই কবিতা পাঠ করা ছেলে আমাদের কাছে ক্ষমা চেয়েছে। আমাদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে প্রশাসন অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।”
অনুষ্ঠান আয়োজকদের একজন নরেন আবৃত্তি একাডেমির মিশফাক রাসেল বলেন, ‘আবৃত্তিশিল্পী এমন কবিতা পড়বেন তা আমরা জানতাম না। ওই কবিতার কয়েকটি লাইন পড়ার পর কয়েকজন এসে প্রতিবাদ জানান। এ কারণে মাঝপথে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘অনুষ্ঠানে একটি কবিতা আবৃত্তির মধ্যে শেখ মুজিবুর রহমানসহ কয়েকটি নাম বলা হয়েছে বলে আমাদের জানানো হয়। পরে আমাদের একটি টিম সেখানে পাঠানো হয়। সেখানে পুলিশের টিম যাওয়ার আগেই নাকি অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’