প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৭:১৬ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪ ২৩:৪৯ পিএম
বাঁ থেকে সাদাত হোসাইন ও তার বাবা হেদায়েত উল্লাহ। ছবি কোলাজ : প্রবা
জনপ্রিয় তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইনের বাবা হেদায়েত উল্লাহ বেপারি গর্বিত বাবা অ্যাওয়ার্ড ২০২৪-এ মনোনীত হয়েছেন।
সাম্প্রতিক সময়ে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় এই লেখকের লেখা আরশিনগর, অন্দরমহল, নির্বাসন, মানবজনম, শঙ্খচূড় বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী পাঠকদের মুগ্ধ করেছে। প্রযুক্তির এই প্রবল দাপটের সময়েও তার লেখা নতুন করে তরুণ প্রজন্মকে বইমুখী করেছে। লেখালেখির স্বীকৃতি হিসেবে সাদাত হোসেন এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার, আই এফ আই সি ব্যাংক-কালি ও কলম সাহিত্য পুরস্কার, ভারতের চোখ ও প্রথম আলো সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
গর্বিত বাবা ফাউন্ডেশনের এই পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে সাদাত হোসাইনের কাছে অনুভূতি জানলে চাইলে এই লেখক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, একজীবনে নিজের বাবা-মাকে গর্বিত করার চেয়ে বড় আনন্দের কি আর কিছু আছে? আমার কাছে নেই। এইটুকু জীবনে লেখালেখি করে মানুষের যে অপার ভালোবাসা পেয়েছি, তা অভাবনীয়। তবে আজ যেন সকল প্রাপ্তির পাত্র কানায় কানায় পরিপূর্ণ হলো। আর যেন কোনো আক্ষেপ নেই। অপূর্ণতা নেই।
কথা হয় লেখকের বাবা হেদায়েতুল্লাহ বেপারির সঙ্গে। তিনি অনেকটা আবেগঘন কণ্ঠে জানান, বাবা মায়ের কাছে তাদের সন্তানদের সফলতার চেয়ে বড় সফলতা আর নেই। আর যখন সেই ছেলের কারণে বাবা হিসেবে পুরস্কৃত হই, তখন সেই পিতা মাতার চেয়ে গর্বিত পিতা মাতা আর কে আছে?
আজ রাজধানীর হোটেল ওয়েস্টিনের লেখকের বাবা হেদায়েত উল্লাহ ব্যাপারির হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।