যাপিত জীবন ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ১৬:০৪ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২২ ১৬:১২ পিএম
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে শুরু হয়েছে ‘দ্য লোকাল কালিনারি হেরিটেজ অব বাংলাদেশ’। আজ (৩ নভেম্বর) এ উৎসবের উদ্বোধন করবেন ঢাকা রিজেন্সির ম্যানেজিং ডিরেক্টর কবির রেজা।
তাদের আয়োজনে থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের সম্ভার। যেখানে মিলবে চট্টগ্রামের মেজবান, সিলেটের সাতকড়া বিফ, খুলনার চুইঝাল, কক্সবাজারের লইট্টা ভাজি, চাঁপাইনবাবগঞ্জের কালাইয়ের রুটি ও চাটগাঁয়ের কালাভুনা। এ ছাড়া পুরান ঢাকার খাসির লেগ রোস্ট, নেহারি-তেহারি, বিরিয়ানি তো আছেই।
মিষ্টিমন্ডার ভেতরে নাটোরের কাঁচাগোল্লা, নেত্রকোণার বালিশ মিষ্টি, বরগুনার চুইয়া পিঠা, চ্যাবা পিঠা, মুইট্টা পিঠা, বগুড়ার দই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, মেহেরপুরের রসকদম্ব, সঙ্গে থাকছে হরেক রকমের ভর্তা।
আয়োজন সম্পর্কে কবির রেজা বলেন, ‘নানি-দাদিরা নিজ হাতে মসলা বেটে দেশি উপাদান দ্বারা রান্না করতেন যা বর্তমানে বিংশ শতাব্দীতে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম ভুলতে বসেছে। ভোজনরসিক বাঙালির জন্য এবং বিদেশি অতিথিদের কাছে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের প্রচার ও পরিচয় করিয়ে দিতেই মূলত এ আয়োজন।’
আয়োজনটি চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। ভোজনরসিকরা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপভোগ করতে পারবেন মজাদার ঐতিহ্যবাহী এসব খাবার। সঙ্গে থাকবে ইন্সট্রুমেন্টাল মিউজিক। এজন্য গুনতে হবে জনপ্রতি ৩ হাজার ৩০০ টাকা।