প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ১৩:৫৩ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৩:০৩ পিএম
ঋদ্ধি প্রকাশনের উদ্যোগে অল্প কয়েক দিনের মধ্যেই চালু হচ্ছে এক সাংস্কৃতিক কেন্দ্র। যেখানে এক ভবনে থাকছে পাঠাগার, বুকশপ, পাবলিকেশন্স, বইয়ের আর্কাইভ, ফুডকোর্ট বা ক্যাফেটেরিয়া, এক্সিবিশন গ্যালারি, ঐতিহ্যের সংগ্রহশালা, সেমিনার স্টেজ, কিডস কর্নার, সেই সঙ্গে সিনেমা দেখার ব্যবস্থা।
পল্লবীর পূরবী সিনেমা হলের বিপরীতে ইসলামী ব্যাংক হাসপাতালের গলিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের আদলে চালু হবে এ সাংস্কৃতিক কেন্দ্র। বরেণ্য কার্টুনিস্ট ‘উন্মাদ’ সম্পাদক আহসান হাবীবের জন্মদিনের এক ঘরোয়া আয়োজনে ১৫ নভেম্বর জানা গেল এসব তথ্য। নিঃসন্দেহে এ উদ্যোগ মাঙ্গলিক। বইবিমুখতার বদলে বইমুখী হওয়া। সংস্কৃতির নামে বিরাজমান বহু কিছুর ভেতরে শেকড়ের খোঁজ।
বিপুল এ কর্মযজ্ঞের কর্ণধার মাহবুবুল হাসান ফয়সাল জানালেন, খুব তাড়াতাড়ি মিরপুর ঘিরে তাদের সাংস্কৃতিক সক্রিয়তা শুরু হবে। দেশবিদেশের দুর্লভ বইয়ের ক্যাটালগ তৈরি হচ্ছে। ভবনজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পোদ্যোক্তা, পাঠক, সংগ্রাহক ফয়সাল বলেন, ‘সারা জীবন বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলাম। সে শিক্ষা থেকেই এবার মিরপুরে আমাদের আগামীর যাত্রা। ঘরোয়া আয়োজনের কেন্দ্রীয় মুখ বহু বছর মিরপুরনিবাসী আহসান হাবীব আনন্দ দিলেন কয়েক গুণ বাড়িয়ে।’ তিনি বলেন, ‘এ ভবনের নতুন গ্যালারি আমরা শুরু করব উন্মাদের ৪৫ বছর পূর্তির আয়োজনের কার্টুন প্রদর্শনী দিয়ে।’