× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ব্রিটিশ কারি ফেস্টিভ্যাল

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২ ১৪:৪২ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২২ ১৫:২৪ পিএম

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ব্রিটিশ কারি ফেস্টিভ্যাল

দীর্ঘ এক দশক পর আবারও ঢাকায় হতে যাচ্ছে জনপ্রিয় ব্রিটিশ ক্যুজিন ও কারি প্রদর্শনী ‘ব্রিটিশ কারি ফেস্টিভ্যাল’। গতকাল (১৯ অক্টোবর) ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বহুল প্রতীক্ষিত এ ফেস্টিভ্যালের ঘোষণা দেওয়া হয়।

২০০১ সালে ঢাকায় প্রথমবারের মতো বিশ্ব দাপানো এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যা সর্বশেষ ২০১১ সালে অনুষ্ঠিত হয়। দীর্ঘ এক দশকের বেশি সময় পর লাইফ ম্যাগাজিন ইউকে ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার আয়োজনে আবারও তা হতে যাচ্ছে। অভিজাত এই হোটেলের বুফে ডিনার রেস্টুরেন্ট ‘এলিমেন্টস-অল ডে ডাইনিং’-এ আগামীকাল (২১ অক্টোবর) শুরু হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত ফেস্টিভ্যালটি চলবে।

ব্রিটিশ কারি ফেস্টিভ্যাল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও ইউকে হাউস অব লর্ডসের জীবন সদস্য লর্ড কারান বিলিমোরিয়া, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান, ব্রিটিশ হাইকমিশনের ডিরেক্টর অব কমিউনিকেশন্স ফ্রান্সেস জ্যাকস, কারি লাইফ ম্যাগাজিনের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ ও প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক অশ্বিনী নায়ার উপস্থিত ছিলেন।

বিগত দুই দশকে ব্রিটিশ কারি ফেস্টিভ্যাল বিশ্বমঞ্চে শেফদের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে সেরা ব্রিটিশ কারি অভিজ্ঞতা পৌঁছে দিয়েছে ইউরোপ ও এশিয়া জুড়ে। এবারের ফেস্টিভ্যালে থাকছেন মিশেলিন স্টার শেফ ডমিনিক চ্যাপম্যান। চ্যাপম্যান বার্কশায়ারের দ্য বিহাইভ রেস্টুরেন্টের হেড শেফ ও প্যাট্রন। মূলত রেস্টুরেন্টের গুণমান ও ধারাবাহিকতার ওপর ভিত্তি করে অসামান্য খাবার ও সেবার জন্য মিশেলিন স্টার প্রদান করা হয়। বিশ্বভ্রমণ এবং অনেক মিশেলিন স্টার শেফের সঙ্গে কাজ করার মাধ্যমে চ্যাপম্যান আন্তর্জাতিক খাবারের সমৃদ্ধ ও জটিল সব স্বাদের সঙ্গে বেশ পরিচিত। ২০১৪ সাল থেকে দ্য বিহাইভে থাকার পাশাপাশি চ্যাপম্যান সম্প্রতি বার্কশায়ারের বারচেটস গ্রিনে মিশেলিন স্টার গ্যাসট্রোপাব দ্য ক্রাউন অর্জন করেন। চ্যাপম্যানের ঢাকায় আসার মাধ্যমে এই প্রথমবারের মতো কোনো মিশেলিন স্টার শেফ বাংলাদেশে এসেছেন।


এবারের ব্রিটিশ কারি ফেস্টিভ্যালে ডমিনিক চ্যাপম্যানসহ আরও পাঁচজন অ্যাওয়ার্ডজয়ী শেফ উপস্থিত থাকছেন। তারা হলেনকেন্টের শোজনার মালিক ও শেফ জামাল উদ্দিন আহমেদ, মেইডেনহেড’স দ্য ফ্যাট বুদ্ধার জাফর সোলিম উদ্দিন, দ্য ক্যাপিটাল ডারহামের এক্সিকিউটিভ শেফ সৈয়দ জহুরুল ইসলাম, হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালের সাবেক এক্সিকিউটিভ শেফ উৎপল কুমার মণ্ডল ও স্পেশালিটি গ্রুপের এক্সিকিউটিভ শেফ মলয় হালদার।

ব্রিটিশ কারি ফেস্টিভ্যাল সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, ‘আমাদের কারি হাউসগুলো ২০০ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের মানুষের জীবনজুড়ে আছে। বর্তমানে তা ব্রিটিশদের ফেভারিট। ব্রিটিশ কারির শুরুটা হয়েছিল বাঙালির হাত ধরে এবং এর ধারাবাহিক শক্তিশালী অগ্রগতি ব্রিটিশ-বাংলা বন্ধনেরই প্রতীক ‘

শেফ ডমিনিক চ্যাপম্যান বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানার ব্যাপারে উন্মুখ হয়ে আছি। রন্ধনশিল্পে অনন্য অভিজ্ঞতা অর্জন এবং দলের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি অবশ্যই ব্রিটিশ রেসিপি দ্বারা অনুপ্রাণিত খাবার তৈরি করব। সেই সঙ্গে স্থানীয় রান্নার সর্বোচ্চ স্বাদও নিতে চাই। ফেস্টিভ্যালের আগের আসরগুলোয় আমি অনেক কিছু শিখেছি, উপমহাদেশের রসনাবোধের তুলনায় ব্রিটিশ কারি আসলেই বেশ আলাদা।’

২০০১ সালে ঢাকায় প্রথমবারের অনুষ্ঠিত হয় ব্রিটিশ কারি ফেস্টিভ্যাল

কারি ব্রিটেনের জনপ্রিয় খাবার। এমনকি ব্রিটিশ কারিশিল্প ক্রমে সমৃদ্ধ হচ্ছে। ব্রিটেনে বর্তমানে আনুমানিক ১২ হাজার কারি হাউস রয়েছে। এর ৯০ শতাংশ রেস্টুরেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত শেফ দ্বারা পরিচালিত। কারি লাইফ ম্যাগাজিন ইউকের সৈয়দ বেলাল আহমেদ ও সৈয়দ নাহাস পাশা দুই ভাই সম্মিলিতভাবে ব্রিটিশ কারি ফেস্টিভ্যালের মাধ্যমে সর্বজনীন সুস্বাদু খাবারের স্বাদ পৌঁছে দিচ্ছেন বিশ্বজুড়ে।

ঢাকায় অনুষ্ঠেয় ব্রিটিশ কারি ফেস্টিভ্যাল-২০২২-এর টাইটেল স্পন্সর সিটি ব্যাংক-আমেরিকান এক্সপ্রেস, কো-স্পন্সর হালদা ভ্যালি এবং হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। সুস্বাদু ব্রিটিশ কারি বুফে উপভোগ করা যাবে ৭ হাজার ৫০০ টাকায় জনপ্রতি। সেই সঙ্গে নির্দিষ্ট ব্যাংকের কার্ডের ব্যবহারে থাকছে একটি কিনলে আর একটি বিনামূল্যে পাওয়ার সুবিধা।

প্রবা/টিআই/জেও


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা