× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইভেন্ট

পাঁচতারকা হোটেল সারিনায় বাংলা খাবারের উৎসব

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২ ১৫:১৩ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২২ ২১:৫০ পিএম

পাঁচতারকা হোটেল সারিনায় বাংলা খাবারের উৎসব

রাজধানীর পাঁচতারকা হোটেল সারিনায় শুরু হয়েছে বাঙালি খাবারের উৎসব ‘ভোজে বাঙ্গালী’। গত ৫ অক্টোবর শুরু হওয়া আয়োজনটি চলবে ১২ অক্টোবর পর্যন্ত। খাবার উপভোগ করতে পারবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
সারিনার সামারফিল্ড রেস্টুরেন্টটি সাজানো হয়েছে রিকশা পেইন্টিংয়ের থিমে। ভেতরে ঢুকলে নজর কাড়বে যে-কারও। সাজের পাশাপাশি প্রায় ১২০ ধরনের খাবার রয়েছে ‘ভোজে বাঙ্গালী’র মেন্যুতে।
খাবারের এই আয়োজন নিয়ে হোটেলের সহকারী মার্কেটিং পরিচালক সৈয়দ মেহরান হোসেন জানান, এটা শুধুমাত্র খাবারের মেলা নয়, ঐতিহ্যের মেলা। আমাদের বাঙালির অনেক খাবার রয়েছে যা আধুনিক প্রজন্মের অনেকেই চেনে না। উৎসবে পিঠা তৈরি দেখার পাশাপাশি সুযোগ মিলবে এসব খাবার চেখে দেখার।


ভোজন-রসিকদের প্রথমেই নজর কাড়বে পিঠার স্টল। দেশি রকমারি সব ধরনের পিঠা এবং মুড়িমুড়কি নিয়ে সাজানো হয়েছে স্টল। যেখানে দেখা মিলবে চিতই পিঠা, সাচের পিঠা, তিলের পুলি পিঠা, পাটিসাপটা, ভাপা পিঠা, খলশী পিঠা, তেলের পিঠা, ঝিনুক পিঠা, দুধ পুলি, মুড়ির মোয়া, নিমকি, কটকটি, শনপাপড়ি, জিলপি।
বাংলা খাবার নিয়ে হোটেলের শেফ রুহুল আমিন জানান, পাঁচতারকা হোটেলে বাংলা খাবারের এমন আয়োজন খুব কমই দেখা যায়। অনেক খাবার আছে যা শেফরাও তৈরি করতে পারে না। এমন অনেক খাবার বা পিঠা রয়েছে যা আমরা প্রথমবারের মতো তৈরি করেছি।
বাঙালি মিষ্টির একটি কর্নার রয়েছে। যেখানে দেখা মিলবে বাংলার ঐতিহ্যবাহী হাতি-ঘোড়ার আদলে বানানো মুড়িমুড়কি, নকুলদানা, কাঁচা সন্দেশ, কদমা, নারকেলের নাড়ু, রসমালাই, রসগোল্লা, বাখরখানি, কাঁচাগোল্লা, সেমাই, বুন্দিয়া, গোলাপজাম ইত্যাদি। পাশাপাশি রয়েছে মৌসুমি ফলের আয়োজন।
এ ছাড়াও বাঙালি খাবার সবার সামনে তুলে ধরতে রয়েছে ৬টি ভিন্ন স্বাদের ফুড কাউন্টার, দুটি লাইভ স্টেশন এবং ১টি বেভারেজ কর্নার। ঢাকাই স্ট্রিট ফুডের রয়েছে আলাদা একটি কাউন্টারযেখানে মিলবে আলু চাট, আলুর চপ, মুড়ি মাখা, দই ফুচকা, দই বড়া, কলিজা সিঙারা, চটপটি ইত্যাদি।


আপনার খাবারের পূর্ণতা এনে দেবে মজার স্বাদের ইলিশ পোলাও, মোরগ পোলাও, কাচ্চি, বিফ খিচুড়ি এবং পাক্কি বিরিয়ানি। সাদা পোলাও দিয়ে খেতে পারবেন হাঁসের মাংস, খাসির রেজালা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।
এ ছাড়াও রয়েছে আলু দিয়ে ছোট মাছের টক, ডিম ভুনা, নারকেল চিংড়ি ও পটোল ভজি। স্বাদ নিতে পারবেন মাশরুম সবজি, ডাল ভুনা, গ্রিল চিকেন ও পাস্তার।
বাংলা খাবার আর ভর্তা থাকবে না তা কি হয়? ভর্তার জন্যও রয়েছে আলাদা কর্নার।
রয়েছে মোঘলাই কাবাব কর্নারও। শেফকে বললেই আপনার পছন্দের কাবাব তৈরি করে দেবে আপনার সামনেই। যেখানে থাকছে মাটন শিক, চিকেন তন্দুরি, রেশমি কাবাব, মাটন ও চিকেন বটি কাবাব, আফগানি মুর্গ, হারিয়ালি চিকেন, হারিয়ালি ফিশ।

বেভারেজ কর্নারে থাকছে দেশি শরবত। লেবুর শরবত, লাচ্ছি, কদবেলের শরবত ছাড়াও আনলিমিটেড আইসক্রিম উপভোগ করতে পারবেন।
হোটেলটির আয়োজন নিয়ে মার্কেটিং এক্সিকিউটিভ হাবিবা রহমান প্রমা জানান, সব ধরনের ভোজন-রসিকরা এই আয়োজন উপভোগ করতে পারবেন। করপোরেট গ্রুপ বা পরিবার নিয়ে আসতে পারবেন আয়োজনে। সবার জন্যই থাকবে একটি কিনলে আরেকটি বিনামূল্যে। থাকতে হবে না নির্দিষ্ট ব্যাংকের কার্ড। তার জন্য গুনতে হবে ৪ হাজার ৪৯৯ টাকা।


প্রবা/টিআই/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা