প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩ ১২:৩৫ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩ ১৪:৫০ পিএম
আজ আন্তর্জাতিক যোগ দিবস। যোগাসনের উপকারের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যোগাসনের গুরুত্ব ও এ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে পোশাকে যোগাসনের নকশা করেছেন ডিজাইনাররা।
প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে পালিত হয় দিনটি। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব যোগ দিবস ২০২৩। প্রতি বছর যোগ দিবসের একটা থিম থাকে। এ বছরের থিম ‘Vasudhaiva Kutumbakam—Yoga for One Earth, One Family’, ‘সমগ্র বিশ্ব এক পরিবার’—এ নীতি প্রতিফলিত করে যে বিশ্বের মানুষ পরস্পরে যুক্ত এবং তাদের একে অন্যের সঙ্গে সম্প্রীতি ও সহযোগিতার মধ্যে বসবাস করা উচিত। সে বিষয়ে আলোচনা করাই এবারের থিমের লক্ষ্য।

যোগাসন বা ইয়োগার উপকারের কথা আমরা সবাই জানি। ইয়োগা হলো শরীর আর মন যুক্ত করে সুস্থ থাকার এক প্রাচীন পদ্ধতি। আসলে ইয়োগা বা যোগ তো শুধু ব্যায়াম নয়, যোগ কথার আসল অর্থ চেতনা। চেতনাকে স্থির রেখে শরীর ও মনকে একাত্ম করার মাধ্যমেই করা হয় যোগাসন বা ইয়োগা। ইয়োগার আছে অনেক আসন। সেই আসনগুলোও যে পোশাকের নকশা হতে পারে তা দেখা যায় ফ্যাশন হাউস মিতার গল্পে। ডিজাইনারদের কাছে পোশাক হলো ক্যানভাস। নানা রঙ, নকশা আর মোটিফের ব্যবহার করে পোশাককে রাঙিয়ে তোলেন তারা। বাদ যায়নি ইয়োগা মোটিফও।

ইয়োগার নানা আসন বিভিন্নভাবে বিন্যাস করে পোশাকে নকশা করেছেন মিতার গল্পের ডিজাইনার। তাদের রয়েছে ইয়োগা থিম শাড়ি, ব্লাউজ ও টি-শার্ট। শাড়িতে ইয়োগা থিমের পুরো একটা সিরিজ দেখা যাবে। মিলবে একই থিমের ছয়টি ভিন্ন ডিজাইনের শাড়ি। তাদের রয়েছে বৃক্ষ আসন ডিজাইনে শাড়ি। পুরো শাড়িতে গাছ এবং বৃক্ষ আসনের সমন্বয়ে যে নকশা রয়েছে তা রীতিমতো নজন কাড়ে। এ ছাড়া একটি শাড়িতে প্রজাপ্রতির সুন্দর নকশা চোখে পড়ার মতো যা আসলে বজ্রাসনের আদলে ডিজাইন করা। আরেকটি ভিন্ন নকশা হলো পুরো শাড়িতে সূর্য এবং সূর্যের চারদিকে যোগাসনের ১০টি আসনের নকশা করা। সব শাড়ির আঁচলের নকশার ভিন্নতাও লক্ষণীয়।

মিতার গল্পের স্বত্বাধিকারী মাসুমা আক্তার মিথিলা বলেন, ‘নারীদের সারা দিনের কর্মব্যস্ততায় নিজের জন্য সময় বের করা কঠিন হয়। কিন্তু শরীর ও মন সুস্থ রাখতে নারী-পুরুষ নির্বিশেষে যোগাসন খুবই গুরুত্বপূর্ণ। যোগাসনের গুরুত্ব ও এ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে পোশাকে যোগাসনের নকশা করা।’
খাদি ও সিল্কের মিশেলে নিজস্ব তাঁতি দিয়ে বোনানো শাড়িতে প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ইয়োগা মোটিফের বিভিন্ন নকশা। শাড়ির পাড় ও আঁচলেও দেখা মিলবে স্বতন্ত্র বৈশিষ্ট্য।