প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১৪:০৭ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৪:৪৭ পিএম
তীব্র রোদ জানান দিচ্ছে শুরু হয়েছে গ্রীষ্মকাল। বৈশাখী এ গরমের দিনে জীবনযাপন হয়ে পড়ছে দুর্বিষহ। গরমে ঘামের সঙ্গে প্রচুর পানি শরীর থেকে বের হয়ে যায়। আবার রমজানে সারা দিন রোজা রাখার ফলে শরীরে দেখা দিচ্ছে পানিশূন্যতা। এ সময়ে খাবার তালিকায় রাখতে হবে এমন খাবার যা পূরণ করবে পানির অভাব। চলুন জেনে নিই এমন কিছু খাবারের কথা, যা গরমে দেবে প্রশান্তি
চিকিৎসক ও পুষ্টিবিদরা গরমের দিনে বেশি করে পানি, ফল ও পানিজাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন। বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনে ৩ লিটারের বেশি পানি পান করা প্রয়োজন। গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য অনেকে ফুটপাতের নানা রকম শরবত ও রস খেয়ে শরীর ঠান্ডা করতে চান। তবে এতে শরীর সুস্থ হওয়ার বদলে হতে পারে রিপরীত প্রতিক্রিয়া। এসব খাবার শরীরের জন্য খুব ক্ষতিকর; যা ডায়রিয়াসহ পানিবাহিত রোগের কারণ হতে পারে। তাই গরমে খেতে হবে বুঝেশুনে।
তরমুজ
তরমুজের ৯১ দশমিক ৫ শতাংশই পানি, যা শরীর ঠান্ডা করতে সাহায্য করবে। আরও আছে ভিটামিন ও খনিজ লবণ, যা এ গরমে আপনাকে স্বস্তি দেবে। তাই নিয়মিত খাদ্য তালিকায় এ সময়ে তরমুজ রাখতে পারেন। এ ছাড়া তরমুজ ব্যবহার করতে পারেন আপনার ত্বকে। ফলে শরীরের সঙ্গে ত্বকও পাবে স্বস্তি।
কাঁচা আম
কাঁচা আমে প্রচুর পটাশিয়াম থাকে। এ ছাড়া রয়েছে ভিটামিন সি ও ম্যাগনেশিয়াম, যা শরীর ঠান্ডা করতে সহায়তা করে। তাই ইফতারে রাখতে পারেন কাঁচা আমের জুস।
ডাবের পানি
ডাবের পানিতে থাকে পর্যাপ্ত পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। যা শরীর ঠান্ডা রাখে। তাই প্রতিদিন চেষ্টা করুন ডাবের পানি খেতে। সঙ্গে ডাবের শাঁস ব্যবহার করুন ত্বকে।
বাঙ্গি
শরীর ঠান্ডা রাখতে বাঙ্গি খুবই উপকারী। এটি খুবই সহজলভ্য এবং দামেও তুলনামূলক সস্তা। বাঙ্গিতে প্রচুর পটাশিয়াম ও মিনারেল আছে। তাই গরমে বাঙ্গি খেতে পারেন। নিয়মিত বাঙ্গির শরবত খেলে খাবারে অরুচি, অনিদ্রা, আলসার ও অ্যাসিডিটি দূর হয়।
শসা
শসায় রয়েছে ৯৬ দশমিক ৭ শতাংশ পানি। যা শরীরের পানির অভাব মেটাতে সাহায্য করে। এ গরমে খাদ্য তালিকায় শসার সালাদ রাখুন। শসার রস মুখে লাগালে রোদে পোড়া ভাব ও তৈলাক্ততা দূর হয়।
পুদিনাপাতা
পুদিনাপাতা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন এ-তে পরিপূর্ণ। অ্যান্টি-অক্সিডেন্ট এমন একটি উপাদান, যা অতিরিক্ত গরমে ত্বকের যে ক্ষতি হয়, তা পুষিয়ে দিতে সাহায্য করে। পুদিনাপাতা শরীর ঠান্ডা করার সঙ্গে ক্লান্তি ও অবসাদ দূর করে। গরমে ঘাম জমে ঠান্ডা লাগা প্রতিরোধ করে। পেটের অভ্যন্তরীণ তাপমাত্রা কমিয়ে খাবার হজমে সাহায্য করে। তাই পুদিনাপাতার চা ও শরবত পান করুন প্রতিদিন।
আখের গুড়
আখের গুড়ের শরবত শরীর ঠান্ডা রাখে। আখে ফ্রুকটোজ ও গ্লুকোজ রয়েছে। যা শরীরের তাপমাত্রা হ্রাসে সাহায্য করে।