প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১৫:৪৫ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১৬:১৭ পিএম
পোষা পাখিপ্রেমীদের সংগঠন অ্যাভিয়ান কমিউনিটি অব বাংলাদেশ। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নিবন্ধিত সংগঠনটি দ্বিতীয়বারের মতো আয়োজন করছে অ্যাভিয়ান এক্সেটিক বার্ড শো এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ-২০২৩। আগামী ১০ মার্চ শুক্রবার শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।
নানা বয়স ও পেশার মানুষের বিনোদনের সঙ্গী বাহারি রঙের বিভিন্ন প্রজাতির পোষা পাখি। যা বাসাবাড়িতে হরহামেশা চোখে পড়ে। অবসরের চমৎকার সঙ্গী তো বটেই, পাশাপাশি অনেকের আয়েরও উৎস। অ্যাভিয়ান কমিউনিটি অব বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বজলুর রশিদ সেলিম বলেন, ’পোষা পাখিপ্রেমীদের সংখ্যা দিন দিন বাড়ছে। শুধু বিনোদনের সঙ্গী হিসেবে পোষা পাখি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ রয়েছে। এজন্য পাখিশিল্পের অবকাঠামো গড়ে তুলতে হবে।
অ্যাভিয়ানের আয়োজনে থাকে চমকপ্রদ কিছু বিষয়। ফিঞ্চ, বাজেরিগার, ককাটেল, লাভবার্ড, নিওফেমা প্রজাতির জনপ্রিয় পাঁচটি পাখি নিয়ে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতা আয়োজিত হবে মেলাতে। এজন্য থাকবে পাঁচ পাখির জন্য পাঁচজন এক্সপার্ট ম্যানেজার। যারা পাখির বিষয়ে ব্রিডারদের সহায়তা করবেন। এ ছাড়াও মেলায় লরি, কনুইর, কাকাতুয়া, ডায়মন্ড ডোভ, ফরপাস, রিংনেক, ম্যাকাওসহ আরও অনেক দৃষ্টিনন্দন পাখির সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। ফরম পূরণের মাধ্যমে শৌখিন পাখিপ্রেমীরা পছন্দের ক্যাটাগরির পাখি নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরুস্কারের ব্যবস্থা।
মেলায় প্রবেশ করতে লাগবে না টিকিট। শুধু পাখিপ্রেমীরাই নয়, উন্মুক্ত মেলায় সুন্দর ও আকর্ষণীয় সব পাখি দেখতে পারবেন এক জায়গায়। দেশের শৌখিন পাখিপ্রেমীরা তাদের পাখি নিয়ে মেলায় অংশ নেবেন। দর্শনার্থীরা পাখি দেখার পাশাপাশি ছবি তুলতে পারবেন। জানতে পারবেন পাখিসর্ম্পকিত নানা তথ্য।
অ্যাভিয়ান কমিউনিটি ২০১৫ সালে ফেসবুক গ্রুপ হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে ফেসবুকে গ্রুপটির সদস্য সংখ্যা প্রায় তেত্রিশ হাজার। পোষা পাখির প্রসার, বন্যপাখি পালনে নিরুৎসাহিত করা, বিভিন্ন সমস্যায় পাখিপ্রেমীদের সহায়তা করাসহ নানা বিষয় নিয়ে কাজ করে গ্রুপটি। বিশ্বের অনেক দেশই পোষা পাখি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে। বাংলাদেশেরও এমন সুযোগ রয়েছে। পোষা পাখি পালনে বেকারদের কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ তৈরি হবে। আবার গৃহিণী, ছাত্রছাত্রীরা পাখি পালন করে হাতখরচের টাকা আয় করতে পারেন। এই রকম নানা সম্ভাবনার কথা বলছেন অ্যাভিয়ান কমিউনিটির অভিজ্ঞ পাখিপালকরা।