প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১০ পিএম
ঘর বা অফিসে অনেকেই গাছ রাখতে পছন্দ করেন। তবে ভয় পান এটা চিন্তা করে যে, এগুলোর অনেক দাম এবং ভীষণ যত্ন করতে হবে। আসবাব যেমনই হোক, এক কোণে গাছ রাখুন শোভা বাড়বে।
আপনি চাইলেই খুব অল্প টাকায় এবং সহজেই ইন্ডোর প্লান্ট নিয়ে আসতে পারেন। যত্ন করতে খুব বেশি সময়ও দিতে হবে না। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে, ইন্ডোর প্লান্ট হলেও সালোকসংশ্লেষের জন্য আলো প্রয়োজন। তাই চেষ্টা করুন দক্ষিণ, পূর্ব বা পশ্চিমের রোদ আসে এমন জানালার পাশে রাখার। তা ছাড়া একই জাতের দুটি টব করুন। একটি বারান্দায় রাখুন। একটি ঘরে। ঘরে একটানা ৩ দিন পর দুটি গাছের স্থান অদলবদল করে নিন। বাইরের রোদ-আলো পেলে গাছের বৃদ্ধি ভালো হবে। পাতার ওপরের ধুলোর আস্তরণ মাঝে মাঝে পানি দিয়ে ধুয়ে দেবেন। গাছ সতেজ থাকবে। মাটি শুকিয়ে গেলে তবেই পানি দিন। অতিরিক্ত পানি দেবেন না। আবার গাছ নেতিয়ে পড়া পর্যন্তও অপেক্ষা করবেন না।
ইন্ডোর প্লান্টের জন্য খুব বেশিকিছু সারের প্রয়োজন নেই। তবে মাঝে মাঝে বাজারচলতি কোনো সার দিতে পারেন। পরিমাণে সামান্য দেবেন। নয় তো পাতা জ্বলে যাবে। বর্তমানে জনপ্রিয় ইন্ডোর প্লান্টের মধ্যে রয়েছে মানি প্লান্ট, সানসাভেরিয়া, ড্রাসিনা, এরিকা পাম, কোলিয়াস, মনস্টেরা ও রবার প্লান্ট।