প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১৪:১৪ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৪:৪৬ পিএম
শীত মানেই উৎসবের মৌসুম। বিয়ে, পিকনিক, গেট টুগেদার সব মিলিয়ে প্রায় রোজই থাকে কোনো না কোনো অনুষ্ঠান। শাড়ি কিংবা বিভিন্ন ধরনের ফিউশন ড্রেসের যোগ্য সঙ্গী হিসেবে গহনার জুড়ি নেই। স্বর্ণের ও হীরের গহনা তো আছেই সঙ্গে রুপার গহনা এখন অনেক ট্রেন্ডি। এছাড়া মুক্তো কিংবা কস্টিউম জুয়েলারি এখন ফ্যাশনে ইন। তবে শখ করে শুধু গহনা কিনলেই হবে না। দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে দরকার গহনার যত্ন। এছাড়া সাবেকি গহনা পরতে চাইলে তার চাকচিক্য ফেরানোও জরুরি। তবে একেক ধরনের গহনার যত্নের ধরনও একেক রকম। তাই জেনে নিন কোন গহনার ঔজ্জ্বল্য কীভাবে ফেরাবেন।

সোনার গহনা : বিয়েবাড়িতে পছন্দের শাড়ির সঙ্গে সোনার গহনা ট্রেন্ডি। ভারী গহনা সব সময় পরা হয় না। এই ধরনের গহনা পুরোনো হয়ে গেলে ঔজ্জ্বল্যতা ক্রমশ কমে যায়। সোনার ঔজ্জ্বল্যতা ফেরাতে একটা বাটিতে মৃদু গরম পানি এবং কয়েক ফোঁটা মাইল্ড ডিটারজেন্ট মেশান। এবার গহনাগুলো বাটিতে ডুবিয়ে রাখুন। নরম টুথব্রাশ দিয়ে গহনা হালকা করে ঘষে দিন। তবে গহনায় পাথরের কাজ থাকলে ব্রাশের বদলে কাপড় দিয়ে পরিষ্কার করুন। এবার পরিষ্কার ঠান্ডা পানিতে ডুবিয়ে ধুয়ে নিন। সুতির নরম কাপড় দিয়ে সোনার গহনা মুছে রাখুন। সোনা ঔজ্জ্বল্যতা ফিরে পাবে। এ তো গেল ভারী গহনার কথা। অনেকেই কানে, হাতে এবং গলায় হালকা সোনার গহনা সব সময় পরে থাকেন। এরকম ক্ষেত্রে দেখা যায় ঘাম, মেকঅ্যাপ, ময়েশ্চারাইজার ইত্যাদির সংস্পর্শে এসে সোনা মলিন হয়ে পড়ে। এরকম ক্ষেত্রে একটি পাত্রে কিছুটা ক্লাব সোডা এবং কয়েক ফোঁটা ডিশওয়াশ মেশান। একটা ছাঁকনিতে গহনাগুলো রেখে সেটি ঐ পানিতে ডুবিয়ে রাখুন। কয়েকমিনিট পরে ছাঁকনি তুলে পরিষ্কার পানিতে গহনা ধুয়ে সুতির নরম কাপড়ে মুছে ফেলুন। সোনা নতুনের মতো দেখাবে।
রুপার গহনা: সিলভার জাঙ্ক জুয়েলরি এখন দারুণ ট্রেন্ডি। বিয়েবাড়ি থেকে পার্টি, সাবেকি শাড়ি থেকে ওয়েস্টানওয়্যার, সবগুলোতে রুপা মানানসই। কিন্তু রুপার গহনা খুব সহজেই কালো হয়ে যায়। রুপা পরার পর স্টোর করার আগে নরম সুতির অথবা ফ্লানেলের কাপড় দিয়ে ভালো করে মুছে রাখুন। মনে রাখবেন রুপা নরম ধাতু। তাই সুতি ছাড়া অন্য কোনও কাপড় বা ব্রাশ ব্যবহার করবেন না। এতে রুপাতে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। রুপার কালচে ভাব দূর করার জন্য প্রথমে গহনাগুলো উষ্ণ গরম পানিতে মাউল্ড ডিটারজেন্টে ভিজিয়ে তুলে রাখুন। ৩ ভাগ বেকিং পাউডারের সঙ্গে এক ভাগ পানি মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। গহনা অল্প ভেজা ভাব থাকা অবস্থায় পেস্টটা দিয়ে ঘষতে থাকুন। এবার গহনা ভালোভাবে শুকিয়ে নিন। ড্যাম্প কাপড় দিয়ে গহনা মুছে ফেলুন। রুপার ঔজ্জ্বল্যতা ফিরে আসবে। রুপা স্টোর করার জন্য প্লাস্টিকের জিপ লক ব্যাগ ব্যবহার করুন। সম্ভব হলে ভেতরে সিলিকা জেল রেখে দিন। এতে রুপা সহজে কালো হবে না।
মুক্তোর গহনা: মুক্তোর গহনা পরিষ্কার করার জন্য প্রয়োজন একটু বিশেষ সতর্কতা। কেননা মুক্তো সচ্ছিদ্র হওয়ায় আবহাওয়া, ধুলো, ময়লা ইত্যাদির অত্যাচারে খুব সহজেই তার ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। হালকা গরম পানিতে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে নিন। মেকঅ্যাপের ব্রাশ অথবা তুলি এই সলিউশনে ডুবিয়ে একটা একটা করে মুক্তো পরিষ্কার করুন। ড্যাম্প সুতির নরম কাপড় দিয়ে গহনা মুছে নিন। খেয়াল রাখবেন যাতে মুক্তোর গায়ে কোনো স্ক্র্যাচ না পড়ে। দামি পাথরের গহনাও একই পদ্ধতিতে পরিষ্কার করতে পারেন। পারফিউম, মেকঅ্যাপ এবং হেয়ার স্প্রে মুক্তোর রঙ নষ্ট করে দেয়। তাই সব সময় সাজগোজ সম্পূর্ণ হওয়ার পরই মুক্তোর গহনা পরুন।
টুকরো টিপস