প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩ পিএম
রমজানে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন নিয়ে এসেছে ‘সুলতান’স সোফরা’, যা বাংলাদেশে প্রথম তুর্কি থিমযুক্ত ইফতার ও ডিনার বুফে। ট্রাস্ট ব্যাংক এবং টার্কিশ এয়ারলাইন্সের সাথে যৌথভাবে পরিচালিত এই বিশেষ আয়োজনটি তুরস্কের সমৃদ্ধ খাবার ও সংস্কৃতিকে তুলে ধরবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন রমজান উপলক্ষে এই প্রথমবার সরাসরি তুরস্ক থেকে দুইজন প্রসিদ্ধ তুর্কি শেফ নিয়ে এসেছে, যাদের প্রত্যেকের ২০ বছরেরও বেশি রান্নার অভিজ্ঞতা রয়েছে। ওনহান হাসান গাজিয়ান্তেপ চিরাচরিত তুর্কি ডেজার্টে বিশেষজ্ঞ এবং তিনি তৈরি করবেন অথেন্টিক বাকলাভা ও কুনেফে। অন্যদিকে, শেফ চেলিক আহমেত মেলিকগাজি তৈরি করবেন বিখ্যাত সব তুর্কি খাবার যেমন— শর্মা, তানতুনি, কাবাব এবং কোফতা।
রেডিসন কর্তৃপক্ষ বলছে, তুর্কি খাবারের পাশাপাশি বুফেতে আমাদের ঐতিহ্যবাহী খাবার ও ইফতার আয়োজন থাকবে - যার মধ্যে আছে হালিম, বিরিয়ানি, উজি, খাবসা, কাবাব, জিলাপি, বাসবুসাসহ আরও অনেক সুস্বাদু ও মিষ্টান্ন খাবার।
কর্তৃপক্ষ জানায়, রমজানে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন দিচ্ছে বিশেষ অফার। নির্বাচিত ব্যাংক কার্ডে ৯ হাজার ৯৫০ টাকায় থাকছে ‘বাই ১ গেট ৩ অফার। এছাড়া একটি ‘ডাইন অ্যান্ড উইন’ ক্যাম্পেইন চলছে, যেখানে একজন ভাগ্যবান অতিথি টার্কিশ এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-তুরস্ক-ঢাকা রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ পাবেন। মূল বুফে ছাড়াও হোটেলের আরও অনেক আয়োজন রয়েছে, কর্পোরেট ইভেন্ট, পারিবারিক অনুষ্ঠান বা ব্যক্তিগত ইফতারের জন্য ইফতার টেক-অ্যাওয়ে বক্স রয়েছে, যার দাম শুরু ৮ টাকা ৯৫০ টাকা থেকে শুরু।
কর্তৃপক্ষ আরও জানায়, খাবারের পাশাপাশি এখানে একটি বিশেষ তুর্কি বাজার ব্যবস্থা করা হয়েছে। যেখানে সরাসরি তুরস্ক থেকে আনা আসল তুর্কি সাজসজ্জা, এক্সেসরিজ এবং লাইফস্টাইল পণ্য পাওয়া যাবে। এছাড়াও হোটেল লবিতে একটি ‘ইফতার বাজার’ বসানো হয়েছে। কর্পোরেট ইফতারের জন্য রয়েছে চমৎকার ব্যাংকুয়েট হল। রয়েছে বিশেষ ‘রমজান রিট্রিট’ রুম প্যাকেজ।