প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:২৭ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:৩৪ পিএম
শীতে হুডির দাপট সবার মাঝে। কিশোর থেকে প্রাপ্ত বয়স্ক সবাই পড়ছেন পোশাকটি। মডেল: অভিনয় শিল্পী ও মডেল বিপনু চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শীত মানেই কুয়াশা, ঠান্ডা হাওয়া আর ফ্যাশনে নতুন নতুন রঙের ছোঁয়া। এই সময়টায় তরুণদের ফ্যাশনে সবচেয়ে বেশি চোখে পড়ে একটি পোশাক। সেটা হলো হুডি। আরাম, উষ্ণতা আর স্টাইল সব একসাথে দেয় বলে হুডি হয়ে উঠেছে এখনকার তরুণদের প্রথম পছন্দ।
হুডির মূল আকর্ষণ এর ক্যাজুয়াল লুক। জিনস, ট্রাউজার বা এমনকি ট্র্যাকপ্যান্টের সাথেও মানিয়ে যায় সহজে। কেউ কেউ হালকা প্রিন্টেড হুডি পছন্দ করেন, কেউ আবার একরঙা বা স্লোগান লেখা হুডি পড়তে ভালোবাসেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীদের মাঝেও হুডির চাহিদা তুঙ্গে। ক্লাসে, আড্ডায় কিংবা হালকা শীতে বাইক চালাতে হুডিই যেন সবার ভরসা।
এই পোশাকটির আরেকটি দিক হলো এর ‘জেন্ডার নিউট্রাল’ বৈশিষ্ট্য। ছেলেমেয়ে উভয়েই হুডি পরেন সমান স্বাচ্ছন্দ্যে। শহরের রাস্তার ফুটপাত থেকে শুরু করে নামি ব্র্যান্ডের আউটলেট পর্যন্ত সবখানেই হুডির দাপট। দামেও পাওয়া যায় বৈচিত্র্য। সাধারণত ৩০০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকার মধ্যেও পাওয়া যায় বিভিন্ন মান ও ডিজাইনের হুডি।
অনেক তরুণ এখন নিজেদের পছন্দমতো হুডিতে প্রিন্ট করিয়ে নিচ্ছেন পছন্দের উক্তি, ছবি কিংবা ব্যান্ডের লোগো। এতে করে হুডি হয়ে উঠছে আরও বেশি ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ।
শুধু ফ্যাশন নয়, হুডি এখন অনেকের কাছে এক ধরনের ‘কমফোর্ট জোন’। শীতে যখন কুয়াশা জমে, তখন একটা হুডি মাথায় তুলে নেওয়া যেন নিজেকে একটু গুটিয়ে নেওয়ার অনুভূতিও এনে দেয়।
সবমিলিয়ে,
হুডি এখন কেবল শীতের
পোশাক নয়, তরুণদের আত্মপ্রকাশ,
স্টাইল ও আরামের প্রতীক।
হুডির জনপ্রিয়তা দিন দিন আরও
বাড়ছে আর শীতের ফ্যাশনে
এর অবস্থান হচ্ছে আরও পোক্ত।