যাপিত জীবন ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ১৪:২৭ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ১৭:২৬ পিএম
অ্যাকসেসরিজ অর্থাৎ ঘড়ি, সানগ্লাস থেকে আংটি বা ব্রেসলেট। ফ্যাশনেবল হয়ে উঠতে ছেলেদেরও কিন্তু অ্যাকসেসরিজের কোনো অভাব নেই। কী পরবেন আর কীভাবে? থাকছে ছেলেদের পারফেক্ট অ্যাকসেসরিজের হদিস।
মেয়েদের পোশাক, গয়না থেকে অ্যাকসেসরিজ—সবকিছু নিয়ে চারদিকে লেখার কোনো অভাব নেই। ভাবটা এমন যেন ছেলেদের আবার অ্যাকসেসরিজ কী? ওদের তো যা-ই হোক পরলেই হলো! আপনার নিজের মনেও যদি এমন ধারণা থাকে, তাহলে আশপাশে তাকিয়ে দেখুন। এখন কিন্তু ফ্যাশনেবল না হলেই বরং পিছিয়ে পড়তে হবে আপনাকে। আর পোশাকের যোগ্য পার্টনার হিসেবে বেছে নিতে হবে ঠিকঠাক অ্যাকসেসরিজও।

আংটি : স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে ফরমাল সুটের সঙ্গে বেছে নিন পাথর বসানো বা সোনার আংটি। আপনার প্রিয় ডেনিমের সঙ্গী হোক অভিনব প্যাটার্নের মেটাল রিং। বড় স্টেটমেন্ট পিস বা ছোট সরু আংটি—চয়েস আপনার।
ব্রেসলেট : আংটির মতো, এটিও শুধু মেয়েদের নয় মোটেই! ছেলেদের ব্রেসলেটের মধ্যে সবচেয়ে কমন বিডেড ব্রেসলেট। এ ছাড়া পরতে পারেন সলিড মেটাল, লেদার বা চেন ব্রেসলেটও। সুটের সঙ্গে যেমন মেটাল সবচেয়ে ভালো লাগবে, তেমনই ক্যাজুয়াল পোশাককে দ্বিগুণ স্টাইলিশ করে তুলবে বিডস বা লেদার।
ঘড়ি : অ্যাকসেসরিজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে ছেলেদের ঘড়ির ট্রেন্ড দুই রকম। এক, মিনিমালিস্ট ওয়াচ। এগুলো দেখতে সিম্পল ও রঙ নিউট্রাল। দুই, স্কেলিটন ওয়াচ। এগুলোর ডায়ালের ভেতর মেটালের কাজে সূক্ষ্ণ ডিটেলিং থাকে।
সানগ্লাস : সব সানগ্লাস সবার মুখে মানায় না। আপনাকে কোনটা মানাচ্ছে, তা আগে খুঁজে দেখুন। তবে নিউট্রাল শেডের ক্লাসিক একটা এভিয়েটর বা ওয়েফেয়ারার রাখতেই হবে সংগ্রহে। পরতে পারেন ফ্যাশনে লেটেস্ট রাউন্ড সানগ্লাস বা বেড়াতে যাওয়ার আদর্শ বিচ সানগ্লাসও।
সুট অ্যাকসেসরিজ : ক্লাসি সুটের সঙ্গে যোগ করতে হবে যথাযথ সুট অ্যাকসেসরিজ। টাই, বো-টাই, পকেট স্কোয়্যার, কাফলিংক, টাই ক্লিপ, ল্যাপেল পিন ইত্যাদি সবই পড়ে সুট অ্যাকসেসরিজের মধ্যে। রঙ ও ফ্যাব্রিকে অভিনবত্ব রাখুন। ট্রাই করতে পারেন নিটেড টাই বা বো-টাই অথবা উজ্জ্বল রঙের পকেট স্কোয়্যার।
ব্যাগ : শুধু জিনিস নেওয়ার জন্য নয়, ফ্যাশন অ্যাকসেসরি হিসেবেও ব্যাগের গুরুত্ব যথেষ্ট। ব্যাকপ্যাক বা সাইড ব্যাগ, তাতে যেন থাকে আপনার পার্সোনালিটির ছোঁয়া। যেকোনো পোশাকের সঙ্গেই মানিয়ে যাবে লেদারের ম্যাসেঞ্জার ব্যাগ। ডেনিমের সঙ্গে নিতে পারেন উজ্জ্বল রঙের ব্যাকপ্যাকও।
জুতা : ফাটাফাটি আউটফিটের সঙ্গে জুতা যদি মানানসই না হয়, তাহলে সাজটাই মাটি। কালেকশনে রাখতে হবে এথনিক ও ওয়েস্টার্ন দুই রকম জুতাই। নাগরাই, চামড়ার চটি, স্লিপার্সের পাশাপাশি ফর্মাল স্যু, লেদার বুট্স, স্পোর্টস স্যু বা স্নিকার্স প্রয়োজন সবকিছুর।
জেনে রাখুন
বিভিন্ন রকম অ্যাকসেসরিজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভয় পাবেন না। তবে ফ্যাশনে খুব বেশি কনফিডেন্ট না হলে একসঙ্গে অনেক অ্যাকসেসরি না পরাই ভালো। বিশেষ করে আংটি বা ব্রেসলেটের মতো গয়না কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারি করতে হবে।