× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে তাজিয়া মিছিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২ ১৩:৩৮ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২২ ২০:২১ পিএম

তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন তারা

তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন তারা

মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পুরান ঢাকার হোসেনি দালান থেকে এ মিছিল বের হয়। 

আজ ১০ মহররম। সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন আজ। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত। 

হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন।

শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসাইন (রা.)–এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। 

সেই থেকে মুসলিম বিশ্ব কারবালার ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে আসছে। এই দিনে শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা শোক পালনে তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।

১০ মহররমে অনেক ফজিলতময় ঘটনা ঘটেছে। ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি। এ উপলক্ষে বের হওয়া তাজিয়া মিছিলটি বেলা দেড়টার দিকে প্রতীকী অস্থায়ী কারবালা প্রাঙ্গণ ঝিগাতলা মোড়ে ধানমন্ডি লেকে মিছিলটি পৌঁছানোর কথা রয়েছে।

মিছিলে অংশ নেওয়া শিয়া সম্প্রদায়ের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি শোকের মাতম করতে করতে এগিয়ে যাচ্ছেন। অংশগ্রহণকারেীদের নামাজ আদায়-জিকির-দোয়ার মাধ্যমে তাজিয়া মিছিলের আনুষ্ঠানিকতা শেষ হবে।

ঐতিহ্যবাহী এই শোক মিছিলের নিরাপত্তায় নিয়োজিত আছেন র‌্যাব-পুলিশ-সাদা পোশাকের গোয়েন্দা-ফায়ার সার্ভিসসহ অন্য বাহিনীর সদস্যরা।

রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বকশীবাজার, লালবাগ, ফরাশগঞ্জ, পল্টন ও মগবাজার এলাকা থেকে একাধিক মিছিল এসে মিলবে এই তাজিয়া মিছিলের সঙ্গে। সায়েন্সল্যাব মোড় থেকে সব মিছিল যাবে একসঙ্গে।

প্রতিবারের মতো এবারও হোসেনি দালান প্রাঙ্গণে ইমাম হোসেন (রা.) এর দুলদুল ঘোড়ার মতো প্রতীকী একটি ঘোড়াকে সাজানো হয়। এই প্রতীকী দুলদুল ঘোড়াটিকে দুধ ঢেলে বরণ করে নেন শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। এরপর দুলদুল ঘোড়াটি মিছিলে যোগ দিলে শুরু হয় কারবালামুখী শোকযাত্রা।

হোসেনি দালান ইমামবাড়ার তত্ত্বাবধায়ক এম এন ফিরোজ হোসেন বলেন, ‘ইসলাম প্রতিষ্ঠায় ইমাম হোসেন (রা.) কারবালা প্রাঙ্গণে শহীদ হয়েছিলেন। তার আত্মত্যাগের পর ইসলাম আবার নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে সত্যের বিজয় হয়েছে।’

‘আমরা এবারের তাজিয়া মিছিলে এই বার্তা দিতে চাই যে সত্যের বিজয় সব সময় সুনিশ্চিত। বিশ্বব্যাপী ইসলাম ধর্ম আলো ছড়াবে- এটাই আমাদের প্রত্যাশা।’

/প্রবা/এইচকে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা