রূপসা
উম্মে সালমা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১০:২৫ এএম
শীতের এই সময়ে চুলে নানা ধরনের সমস্যায় নাজেহাল হয়ে পড়েছেন? আপনার চুলের ধরন বুঝে নিন যত্ন-
শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে চুল ও মাথার ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। চুলের ধরন এবং সমস্যা অনুযায়ী সঠিক যত্ন নিলে সুস্থ ও সুন্দর চুল ধরে রাখা সম্ভব।
শুষ্ক চুলের যত্ন
এ সময়ে শুষ্ক চুলে রুক্ষতা বেড়ে যায় এবং চুল ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে। এ সমস্যার সমাধানে হাইড্রেটিং শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে পারেন। শ্যাম্পু করার আগে নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে ভালোভাবে মালিশ করলে চুল নরম থাকে। এ ছাড়া হেয়ার মাস্ক বা হেয়ার সিরাম ব্যবহার করলে চুলের রুক্ষতা কমে যায়। শীতের সময় চুল ধোয়ার জন্য গরম পানি ব্যবহার না করে কুসুমগরম পানি ব্যবহার করা ভালো, কারণ অতিরিক্ত গরম পানি চুল আরও শুষ্ক করে তোলে।
তৈলাক্ত চুলের যত্ন
তৈলাক্ত চুলের ক্ষেত্রে এ সময়ে অতিরিক্ত তৈলাক্তভাব কমানোর জন্য মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এ ধরনের চুলে অতিরিক্ত তেল ব্যবহার থেকে বিরত থাকা উচিত। শ্যাম্পু করার সময় মাথার ত্বকে বেশি মনোযোগ দিয়ে ধোয়া প্রয়োজন যাতে অতিরিক্ত তেল ও ময়লা দূর হয়। তবে চুল খুব বেশি ধোয়াও উচিত না। কারণ এটি মাথার ত্বকের প্রাকৃতিক তেল শোষণ করে ফেলে।

মিশ্র ধরনের চুলের যত্ন
যাদের চুলের গোড়া তৈলাক্ত কিন্তু ডগা শুষ্ক, তাদের জন্য মিশ্র ধরনের যত্ন প্রয়োজন। গোড়ার জন্য মাইল্ড শ্যাম্পু এবং ডগার জন্য গভীর কন্ডিশনিং বা তেল ব্যবহার করতে পারেন। চুলে নিয়মিত ট্রিম করানো এ সময়ে বিশেষ উপকারী, কারণ শীতে ডগা ফাটা সমস্যা বেড়ে যেতে পারে।
খুশকির সমস্যা সমাধান
শীতকালে খুশকি একটি সাধারণ সমস্যা, যা মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়ার কারণে হয়। এ ক্ষেত্রে অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। সপ্তাহে একবার মেথি বাটা বা অ্যালোভেরা জেলের মতো প্রাকৃতিক উপাদান মাথার ত্বকে ব্যবহার করলে খুশকি কমে। এ ছাড়া মাথার ত্বক ময়েশ্চারাইজ রাখতে টুকটাক তেল মালিশ করা যেতে পারে।
চুল পড়া রোধ করতে
শীতকালে চুল পড়া সমস্যা বেড়ে যেতে পারে। এটি রোধে প্রোটিনসমৃদ্ধ ডায়েট অনুসরণ করা খুব জরুরি। ডিম, বাদাম, শাকসবজি এবং পর্যাপ্ত পানি পান করলে চুল ভেতর থেকে শক্তিশালী হয়। পাশাপাশি চুলের যত্নে নিয়মিত স্কাল্প ম্যাসাজ ও তেল ব্যবহার করলে রক্ত সঞ্চালন ভালো হয় এবং চুল পড়া কমে।
শীতে সাধারণ চুলের যত্ন
শীতকালে সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করা যথেষ্ট। অতিরিক্ত শ্যাম্পু করলে চুল শুষ্ক হয়ে যেতে পারে। চুল ধোয়ার পর তাড়াতাড়ি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো, কারণ এতে চুল আরও রুক্ষ হয়ে যায়। চুল শুকানোর জন্য একটি নরম তোয়ালে ব্যবহার করতে পারেন। এ ছাড়া বাইরে যাওয়ার সময় চুল ঢাকা খুব জরুরি, কারণ ঠান্ডা বাতাস এবং সূর্যের রশ্মি চুলের ক্ষতি করতে পারে।
সঠিক যত্ন এবং পুষ্টির সমন্বয়ে শীতকালেও চুল সুন্দর, ঝলমলে ও স্বাস্থ্যবান রাখা সম্ভব। প্রতিদিনের রুটিনে এ টিপসগুলো মেনে চললে শীতের রুক্ষতা ও চুলের সমস্যা আপনাকে আর ভাবাবে না।