প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৬ পিএম
দেশি ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’-এর তিন দশক পূর্তি উদ্যাপনে বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির আয়োজনে চারুকলার জয়নুল গ্যালারিতে চলছে ৭ দিনব্যাপী উদ্যোক্তাদের প্রদর্শনী ও মেলা ‘শীতের হাওয়া’। ডিসেম্বরের ১৮ তারিখ শুরু হওয়া এই আয়োজন চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
শীতের হাওয়া শিরোনামে এই আয়োজনে ১ হাজার ৫০০ উদ্যোক্তা থেকে বেছে নেওয়া হয়েছে মাত্র ৩০ জনকে। অনেকেই ঢাকার বাইরে থেকেও এসেছেন। সাজিয়ে বসেছেন তাঁদের পণ্যের পসরা। এ আয়োজনের আয়োজক বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি।

চারুকলা অনুষদের মূল গেট দিয়ে ঢুকতেই জয়নুল গ্যালারির দুটি ভাগেই বসেছে মেলা। পণ্যের পসরা সাজিয়ে বসেছেন মোট ৩০ উদ্যোক্তা। উদ্যোগগুলোর মধ্যে আছে বাবলী ক্রাফটস, দীঘল, ফ্যামিলি কালেকশন, বিশ্বভান্ডার, আঞ্জুমান, ভিন্নতা, জাদুর হাট, দয়িতা, মিথ আর্ট অ্যান্ড ক্রাফটস, মিতার গল্প, আজুরা, মুয়াজ’স কালেকশন, রোদসী, মাধবী মার্ট, জুট হেভেন, আমি আমরা, তৃণ শ্যামল, স্বপ্নীল হাউজ, পদ্মসহ আরও বেশ কয়েকজন উদ্যোক্তা। সবাই কাজ করেন দেশীয় ও হাতে তৈরি পণ্য নিয়ে।
বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আমাদের বুটিকশিল্পের মতো সম্ভাবনাময় শিল্পটি স্বাধীনতার পর এ ৫২ বছরে আরও অনেক দূর যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য এ দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি সব সময় অবহেলিত ছিল। রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা নেই এখানে। সব দায় যেন সব উদ্যোক্তার। মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে পাশের যত দেশ আছে সেখানকার ব্যবসায়ীরা আমাদের দেশি ফ্যাশন ইন্ডাস্ট্রি দখলে নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এ যেন আমাদের নিজস্বতা, আমাদের ইতিহাস-ঐতিহ্য, আমাদের সংস্কৃতি পরাভুত করার নেশায় মত্ত তারা। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসার সঙ্গে সম্পৃক্তরা আমাদের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি দিয়ে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেয়ে ধার করা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই বুটিকশিল্পের উদ্যোক্তাদের জন্য শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য নয়, উদ্যোক্তাদের নকশা থেকে শুরু করে উৎপাদন, বিপণন পর্যন্ত বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে অনুপ্রেরণা দিতেই আমরা নতুন উদ্যোক্তাদের নিয়ে তৈরি করেছি ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’।
প্রতি মাসেই ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় আয়োজিত হচ্ছে বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির আড্ডা। গেল সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় ‘শরৎ হাওয়া’ শিরোনামে দুই দিনের প্রদর্শনী। সেই সফলতার ধারাবাহিকতায় বিশ্বরঙের ৩০ বছরের অভিযাত্রায় ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ১ হাজার ৫০০ উদ্যোক্তার মধ্য থেকে বাছাই করে ৩০ জনকে নিয়ে ১৮ থেকে ২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রদর্শনী ‘শীতের হাওয়া’। ফ্যাশন ও লাইফস্টাইল খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই অংশ নিচ্ছেন সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে। সকাল ১০টায় শুরু হয়ে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত চলবে।
শীতের হাওয়া প্রদর্শনীতে জামদানি, পাট, মণিপুরি, গামছা, নকশিকাঁথা, রিসাইকেল, আপসাইকেল, পুঁথি, প্যাচওয়ার্ক, ডেনিম, বিডস, সুতা, ম্যাক্রোমসহ নানা বৈচিত্র্যময় পণ্য সমাহার নিয়ে এসেছেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের দেশি পণ্যের এ সমাহার সবার ভালো লাগবে। আপনারা সবাই স্ববান্ধব আমন্ত্রিত। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।