যাপিত জীবন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ১৩:৪০ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২২ ১৪:০২ পিএম
পিৎজা অনেকের খুব পছন্দের খাবার। কমবেশি সবাই বাড়িতে পিৎজা বানাতে ট্রাই নিশ্চয়ই করেছেন। কিন্তু ফুলকপি দিয়ে কখনও কি বানিয়েছেন পিৎজা? ময়দার কোনো ব্যাপারই নেই এ পিৎজায়! চলুন জেনে নিই সহজ একটি রেসিপি।
উপকরণ : ফুলকপি ১টি, সি-সল্ট ১/৪ চা-চামচ, পারমিজান চিজ ৩ টেবিল চামচ, মোজারেলা চিজ ১ কাপ, অরিগ্যানো ১ চা-চামচ, বেসিল ১ চা-চামচ, থেঁতো করা রসুনের কোয়া ৩টি, অলিভ অয়েল পরিমাণমতো, কর্নফ্লাওয়ার প্রয়োজনমতো (ক্রাস্টের বাঁধুনির জন্য), সুজি সামান্য, পানি প্রয়োজনমতো। টপিংয়ের জন্য : টমেটো পিউরি, পছন্দমতো সবজি সতে করা।
প্রণালি : ৪২৫ ডিগ্রি ফারেনহাইটে ওভেন প্রি-হিট করে নিন। বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার লাগিয়ে রাখুন। ফুলকপি মাইক্রোওভেনে ঘুরিয়ে নিন, যতক্ষণ না নরম হয়ে যায়।এবার ডিম হালকা হাতে ফেটিয়ে ফুলকপিতে মিশিয়ে দিন। পারমিজান চিজ, আধকাপ মোজারেলা চিজ, লবণ আর মরিচ মেশান। বেকিং ট্রেতে গোল করে ছড়িয়ে দিতে হবে মিশ্রণটা। একদম পাতলা না হয়ে যায়, খেয়াল রাখবেন। কুকিং স্প্রে দিয়ে দিন ওপর থেকে। বেক করে নিন, যতক্ষণ না সোনালি রং ধরছে। ওপর থেকে সস, বাকি মোজারেলা চিজ, চেরি টমেটো, রসুন আর রেড পেপার ফ্লেক্স ছড়িয়ে দিন। আরও মিনিট দশেক বেক করলে চিজটা গলে যাবে। ময়দার ডো দিয়ে তৈরি পিৎজার চেয়ে এ পিৎজা অনেক বেশি স্বাস্থ্যকর।