প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১৪:৫৮ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১৫:১৮ পিএম
শিশুর হাতে মোবাইল। ছবি সংগৃহীত
বর্তমানে শিশুদের খাওয়া নিয়ে মা-বাবার অভিযোগের শেষ নেই। শিশুরা নাকি কিছুতেই মুখে খাবার তুলতে চায় না। খাওয়াতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন অনেক মা-বাবা। তাই শিশুকে তাড়াতাড়ি খাওয়ানোর জন্য হাতে তুলে দেন মোবাইল।
আবার কখনো পিৎজা, বার্গার, চাউমিন, এগরোল, কেক-পেস্ট্রির মতো খাবার দিয়ে শিশুদের মন রক্ষা করেন অনেক মা-বাবা। বাইরের খাবার খাওয়ার প্রবণতা এবং মোবাইলে আসক্ত হয়ে পড়া এই দুয়ের কারণে বাচ্চাদের মধ্যে বাড়ছে স্থূলতার সমস্যা। যার হাত ধরেই জন্ম নিচ্ছে উচ্চ রক্তচাপ।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শিশুরা এখন মোবাইলেই খেলার মাঠ খুঁজে নিচ্ছে। এতে শুধু শিশুর মানসিক নয়, সার্বিক বিকাশ বাধা পাচ্ছে। নিয়মিত দৌড়ঝাঁপ, খেলাধুলা না করার ফলে তার প্রভাব পড়ছে শরীরেও। এসব কারণে ওজনও বাড়ছে ক্রমাগত।
গবেষণা বলছে, অধিক হারে বাইরের খাবার খাওয়া, বাড়তি ওজন, উচ্চ রক্তচাপের মতো গুরুতর সমস্যা ডেকে আনছে। ৬-১৬ বছর বয়সীদের মধ্যে উচ্চ রক্তচাপ বাসা বাঁধছে।
চিকিৎসকরা বলছেন, কম বয়স থেকেই যদি শিশু উচ্চ রক্তচাপে ভুগতে থাকে, তাহলে পরবর্তীতে হৃদ্রোগের আশঙ্কা দ্বিগুণ হয়। শিশুকে সুস্থ রাখতে তাই কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে।
বিষয়গুলো হলো-
১) পিৎজা, বার্গারের মতো খাবার শিশুকে রোজ খেতে দেওয়া ঠিক নয়। খুব বায়না করলে সপ্তাহে এক দিন দেওয়া যেতে পারে। তাও অল্প পরিমাণে।
২) সবজি, ডাল, ভাত, রুটির মতো স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর অভ্যাস গড়ে তোলা গেলে ভালো।
৩) খাওয়ার সময় শিশুদের হাতে ফোন তুলে দিলে ফোন দেখতে দেখতে খাবার না চিবিয়ে গিলে খেয়ে নিতে পারে। এতে হজমের গণ্ডগোল হতে পারে।
৪) রোজ অল্প সময়ের জন্য হলেও শিশুকে পার্কে বা মাঠে নিয়ে যাওয়া যেতে পারে। বেড়ে ওঠার সময়ে প্রকৃতির কাছাকাছি থাকাটা জরুরি। সার্বিক বিকাশে সুবিধা হবে।
৫) শিশুর ওজনের দিকে খেয়াল রাখাটা জরুরি। বয়সের তুলনায় শিশুর ওজন যাতে নিয়ন্ত্রণে থাকে, সেই অনুযায়ী সন্তানের খাদ্যতালিকা তৈরি করতে হবে। দরকার হলে একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।
প্রবা/আরএম/ম.ই