নুসরাত খন্দকার
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৮:৩৫ পিএম
নারীর পছন্দের অতি প্রিয়
সিল্ক শাড়ি যেমন শোভাবর্ধন করে তেমনি সহজে পরিষ্কার করাও যায় না। অথচ বর্ষায় আলমারি
খুলতেই সাজিয়ে রাখা শাড়ি থেকে আসছে গন্ধ। যত্ন নেবেন কীভাবে জেনে নিনÑ
সময়টা এখন বর্ষাকাল। এখনও তেমন বৃষ্টির দেখা মিলছে না। কিন্তু এরই মধ্যে আলমারির ভিতর থেকে কেমন যেন একটা দুর্গন্ধ বেরোতে শুরু করেছে। আলমারির থরে থরে সাজানো বর্ণিল প্রিয় শাড়িতে। সেগুলোর ঠিকঠাক যত্ন নেওয়া জরুরি। না হলে সংগ্রহে থাকা শখের শাড়িগুলো নষ্ট হয়ে যেতে পারে। তবে এসব শাড়ি দুয়েক বার পরার পরেই তো কাচতে দেওয়া যায় না। তাই নিয়ম করে কিছু দিন অন্তর আলমারি থেকে বের করে শাড়িগুলো রোদে শুকান। তা সত্ত্বেও সমস্যা হয় বর্ষায়। কারণ এ সময়ে শাড়িগুলোতে গন্ধ হয় এমনকি ভিজে ভিজে ভাবও দেখা যায়। তাই কী করবেন চলুন জেনে নেওয়া যাক।

আলমারিতে রাখবেন যেভাবে
অনেকেই আলমারিতে শাড়ি হ্যাংগারে
ঝুলিয়ে রাখেন। সিল্ক শাড়ির ক্ষেত্রে তা করা যাবে না। শাড়ি ভাঁজ করে কোনো সুতির কাপড়ে
কিংবা কাগজে মুড়ে তারপর আলমারিতে তুলুন। যেসব শাড়িতে জরির কাজ আছে, সেগুলো উল্টো
করে ভাঁজ করুন। জরি ভালো থাকবে। প্রতি ছয় মাস
অন্তর সিল্কের শাড়ির ভাঁজ বদলান।
শুকাতে হবে ছায়ায়
বর্ষায় বেশিরভাগ দিনই মেঘলা
থাকে। ঠান্ডা আবহাওয়ার জন্য শাড়ির আর্দ্রতা কমে যায়। তাই মাঝেমাঝে আলমারি থেকে বের
করে বাতাসে রাখবেন। বাইরে নাড়লে ছায়া আছে এমন জায়গায় মেলে দেবেন। সরাসরি রোদে শাড়ি
নাড়া যাবে না। অনেকে শাড়ি রোদে নাড়েন। সিল্কের শাড়ির ক্ষেত্রে তা কখনও করবেন না।
করতে হবে ড্রাই ওয়াশ
সিল্কের শাড়ি ভুলেও বার
বার কাচতে দেবেন না। দু-তিন বার পরার পর ড্রাই ওয়াশ করাতে দিন। তবে তা-ও যত কম হয় ততই
ভালো। বেশি কাচলে শাড়ির ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়।
আলমারিতে রাখতে হবে কীটনাশক
সিল্কের শাড়ি আলমারিতে
রাখার সময় ন্যাপথ্যালিনের বল রাখতে পারেন। তার চেয়েও ভালো হয়, যদি শুকনো নিমপাতা রাখেন।
অনেক সময় সিলিকা জেলের প্যাকেট সংগ্রহে থাকে বা হাতের কাছে পেলে সেগুলো ফেলে না দিয়ে
আলমারিতে রাখুন। বদ্ধ জায়গার আর্দ্রতা কমাতে সাহায্য করবে।
স্টিম ও আয়রনিং
সিল্কের পোশাকে ভাঁজ দূর
করতে ইস্ত্রি বা স্টিম বিশেষ উপযোগী। তবে, সেক্ষেত্রে স্টিম করাটাই বেশি উপযোগী। কেননা
স্টিমে পোশাকের রঙে কোনো তারতম্য হয় না। তাই সুযোগ থাকলে পার্সোনাল স্টিমার কিনে ফেলুন,
যেটি খুব একটা ব্যয়বহুল না। তবে, যদি ইস্ত্রি করতেই হয় তাহলে ইস্ত্রিগুলোতে সিল্কের
অপশনটি সেটিং করে নিতে হবে। কম হিটেও সিল্ক বেশ সুন্দরভাবেই সমান হয়ে যায়। তাই ইস্ত্রি
লো সেটিং রেখে সিল্ক ইস্ত্রি করা উচিত।