প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১৬:৪৯ পিএম
শুরু হয়েছে দেশীয় ফ্যাশন উদ্যোগ সীবনীর কৃষ্ণচূড়া প্রদর্শনী। কৃষ্ণচূড়া তোমার রঙে’ শিরোনামে ৬ জুনে শুরু হওয়া প্রদর্শনী চলবে ৮ জুন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ফ্যাশন উদ্যোক্তা ও ডিজাইনার মিতুল অনেক দিন ধরেই কেবল কৃষ্ণচূড়া ফুল নিয়ে কাজ করছেন। তার ব্র্যান্ডের নাম সীবনী। বাংলাদেশের প্রকৃতির নানা দিক নিয়ে কাজ করতে ভালোবাসেন এই উদ্যোক্তা।

এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন ধরনের পোশাক। নারী ও পুরুষের। বিভিন্ন ধরন ও মূল্যের শাড়িই এই প্রদর্শনীর মূল আকর্ষণ। এছাড়াও আছে অন্যান্য পোশাক। সবই কৃষ্ণচূড়া রং ও সৌন্দর্যের অনুপ্রেরণায় তৈরি।

৬ জুন ২০২৪, বৃহস্পতিবার সকাল থেকে লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী। সকাল ১১টায় ‘কৃষ্ণচূড়া তোমার রঙে’ শিরোনামে তিনদিনের এই পোশাক প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট ডিজাইন পরামর্শক ও গবেষক চন্দ্রশেখর সাহা, ফ্যাশন এন্টারপ্রনর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফএএবি) প্রেসিডেন্ট আজহারুল হক আজাদ ও ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার। সূচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুণীজন ও সাংবাদিকরা।

প্রায় দুশক ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন মিতুল। তার পোশাকে বৈচিত্র্য এবং সৃজনশীল নিরীক্ষা উভয়ই আছে। তার সংগ্রহ নিয়ে কয়েক বছর আগে নেপালে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক মানের প্রদর্শনী ও ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন। ভবিষ্যতেও দেশে এবং দেশের বাইরে নিজের ডিজাইনে তৈরি পোশাক নিয়ে প্রদর্শনী করার ইচ্ছা রয়েছে মিতুলের।

২০০৫ সালে নিজের ব্র্যান্ড সীবনী শুরু করেন আবেদা খাতুন মিতুল। সেই থেকেই কাজ করে আসছেন তিনি। তার কাজের প্রেরণা মূলত প্রকৃতি। আমাদের চারপাশের গাছ–পাতা–ফুল–পাখি প্রভাবিত করে তার নকশা। এই প্রদর্শনীতেও সেটা বোঝা যাচ্ছে। নানা সময়ে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজেকে ডিজাইনার হিসেবে আরো পরিশীলিত কের তোলার চেষ্টা করেছেন মিতুল। সেই ছাপা স্পষ্টভাবেই ধরা পড়ে তাঁর কাজের মধ্যে। এই প্রদর্শনীর সংগ্রহও এ ব্যতিক্রম নয়।