প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪ ১৬:৪০ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪ ২০:২০ পিএম
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৯ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বাড়ানোর আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৯ ফেব্রুয়ারি নাশকতার ১২ মামলায় ইশরাক হোসেন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজি এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ আগাম জামিনের আদেশ দেন। আজ জামিন শেষে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের সময় বর্ধিত করার আবেদন করেন তিনি।
গত বছরের ২৮ অক্টোবরে বিএনপির ডাকা মহাসমাবেশে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে ১২টি মামলা হয়।