প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২২ ১২:৫৫ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২২ ১৩:০৬ পিএম
ফাইল ছবি
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের দুই সদস্য এম এ কাশেম ও রেহেনা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের মামলায় জামিন পেলেও তারা আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না।
বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ (১০ নভেম্বর) এ আদেশ দেন। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
আদালতে ট্রাস্টিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।
২ আগস্ট অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের দুই সদস্য এম এ কাশেম ও রেহেনা রহমানকে কেন জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন।
২২ মে ওই মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চার সদস্যের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। তাদের শাহবাগ থানা পুলিশে তুলে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে হাজির করতে বলা হয়। ট্রাস্টি বোর্ডের চার সদস্য হলেন—এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান।
২৩ মে নিম্ন আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়। সেই থেকে তারা কারাগারে আছেন।