প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৭:১১ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১৭:৫৮ পিএম
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। ফাইল ছবি
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন—স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নি।
এর আগে পল্টন থানায় করা মামলায় আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ফরমান আলী। আসামিদের পক্ষে তাদের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ডের আদেশ দেন। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গেল বুধবার বিকালে নয়াপল্টন এলাকায় বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা হয়। সেদিন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল জানান, সে সময় শামসুদ্দিন চৌধুরী গাড়িতে করে সেখান দিয়ে যাচ্ছিলেন। সে সময় বিএনপির সমাবেশ থেকে তার নাম ধরে আপত্তিকর স্লোগান দেওয়া হয় এবং হামলা করা হয়। বিএনপির নেতাকর্মীরা তার গাড়ি ভাঙচুর করেন এবং তাকে ও তার গাড়িচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।