প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৬ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৩ পিএম
হাইকোর্ট। সংগৃহীত ছবি
রেজিস্ট্রেশন হওয়া পণ্যসহ জাতীয় ও আন্তর্জাতিকভাবে রেজিস্ট্রেশনযোগ্য এমন ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকা আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এ ছাড়া জিআই পণ্যের তালিকা তৈরি ও রেজিস্ট্রেশনে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বাণিজ্য সচিব, কৃষি সচিব, সংস্কৃতি সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে প্রতিবেদন (কমপ্লায়েন্স) দাখিলের জন্য ১৯ মার্চ ধার্য রেখেছেন হাইকোর্ট।
বাংলাদেশের সব জিআই পণ্যের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন ব্যারিস্টার সারোওয়াত সিরাজ শুক্লা। তিনি বলেন, ‘বাংলাদেশে যে পণ্যগুলো জিআই হিসেবে রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেই পণ্যগুলোর একটি তালিকা এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে রেজিস্ট্রশনযোগ্য জিআই পণ্যের তালিকা এক মাসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন। ১৯ মার্চ শুনানির জন্য দিন রাখা হয়েছে।’
সম্প্রতি কয়েকশ বছরের পুরোনো টাঙ্গাইল শাড়িকে নিজেদের দাবি করে জিআই (জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন) পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। তারপর ৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়।
ভারত টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়। তখনোই দেশি জিআই পণ্যের তালিকা করার বিষয়টি সামনে আসে।
সূত্র : বাসস