দুর্নীতির মামলা
রংপুর অফিস
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৬:৫৫ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১৮:৪২ পিএম
হাবিবুর রহমানকে পুলিশি পাহারায় আদালতের হাজত খানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রবা ফটো
অবৈধ ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গাইবান্ধা ডাকঘরের পোস্টাল অপারেটর হাবিবুর রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ডসহ ২৮ লাখ ৯১ হাজার ৩৯১ টাকা জরিমানা করেছে আদালত।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে রংপুর বিশেষ আদালতের বিচারক হায়দার আলী এ রায় প্রদান করেন। জরিমানা করা টাকা আগামী ৬০ কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
দুদকের আইনজীবী হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাবিবুর রহমান পোস্টাল অপারেটর হিসেবে চাকরি করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছিলেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন। রায় ঘোষণার সময় হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। তাকে পুলিশি পাহারায় আদালতের হাজত খানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট।
মামলা সূত্রে জানা যায়, গাইবান্ধা ডাকঘরে পোস্টাল অপারেটর পদে চাকরি করার সময় হাবিবুর রহমান ভূয়া সঞ্চয়পত্রের হিসাব খুলে কোটি টাকা আত্মসাৎ করেন। তিনি অবৈধ টাকায় তিন তলা বাড়ি, ৪৫ বিঘা জমি ও সন্তানদের নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে বিপুল অর্থ-বিত্তের মালিক হন।
অবৈধ ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক বীরকান্ত রায় বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে হাবিবুর রহমানকে দোষী সাব্যস্ত করে আদালত ৯ বছরের কারাদণ্ড ও ২৮ লাখ ৯১ হাজার ৩৯১ টাকা জরিমানা করে।