প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ১৫:৪৮ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ১৬:২৭ পিএম
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালত এই আদেশ দেন। প্রবা ফটো
রাজধানীর নয়াপল্টনে গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সহিংসতার অভিযোগে করা আটটি মামলার মধ্যে চারটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আর বাকি চারটি মামলার শুনানি হয়নি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালত এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ বলেন, আটটি মামলার মধ্যে চারটি পল্টন ও চারটি রমনা থানায় করা হয়েছে। এর মধ্যে রমনার দুটি ও পল্টন থানার দুটি মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ জামিন পেয়েছেন।
তিনি জানান, বাকি চারটি মামলার নথি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে থাকায় সেগুলোর শুনানি আজ হয়নি। সেই নথি আসার পর এই চার মামলার শুনানি হবে।
আমীর খসরুর উপস্থিতিতে আজ দুপুর ২টায় শুনানি শুরু হয়।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষ চলাকালীন পুলিশের একজন কনস্টেবল নিহত হন। এ ঘটনায় পুলিশ হত্যাসহ রাস্তায় অবৈধ জমায়েত, যানবাহন ভাঙচুর, দাঙ্গা, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পদের ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসব মামলা করা হয়।
৩ নভেম্বর গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমীর খসরুকে আটক করে। পরে কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।