জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৭:৩০ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১৭:৪১ পিএম
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা চৌধুরী কুদরত-এ-খুদা। প্রবা ফটো
ভোটকেন্দ্রে সুবিধা দিতে ঘুষ নেওয়ার দায়ে জামালপুর-২ (ইসলামপুর) আসনের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা চৌধুরী কুদরত-এ-খুদাকে ২ বছরে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রবিবার (৭ জানুয়ারি) রাতে জামালপুর জেলা জজ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতা উল্লাহর সংক্ষিপ্ত বিচার আদালত এই রায় দেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, সোমবার (৮ জানুয়ারি) দুপুরে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, নির্বাচনে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য এক প্রার্থীর লোকজনের কাছ থেকে ২৫ হাজার টাকা নেন হরিনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা চৌধুরী কুদরত-এ-খুদা। নির্বাচনের আগের রাতে (৬ জানুয়ারি) তাকে টাকাসহ হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘুষের ২৫ হাজার টাকা জব্দসহ তাকে আটক করে। ঘটনার পরপরই অভিযুক্ত ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার নিয়োগ বাতিল করে সেই ভোট কেন্দ্রের জন্য নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।