প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ১২:১৪ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ১৩:৪০ পিএম
প্রধানমন্ত্রীর নামে কটূক্তির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সোনিয়া আক্তার স্মৃতি। ছবি: সংগৃহীত
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে করা মামলায় রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৩১ অক্টোবর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিন আবেদনের পক্ষে শুনানি করা ব্যারিস্টার কায়সার কামাল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সোনিয়া আক্তার স্মৃতির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রাজবাড়ীর ১নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়ছুন নাহার সুরমা ওই আদেশ দেন।
এর আগে গত ৪ অক্টোবর মধ্যরাতে শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার স্মৃতি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা দলের সদস্য। তার স্বামীর মো. খোকন মিয়া বিদেশে থাকেন।
প্রবা/আরএম/টিই