প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ২০:২২ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ২০:৪৯ পিএম
সুপ্রিম কোর্ট বার ভবনে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ১ থেকে ৭ জানুয়ারি দেশের সব আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন, ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির আহ্বায়ক মহসীন রশিদ, বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. আলী, আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব প্রমুখ।
আদালত বর্জন কর্মসূচি ঘোষণার পাশাপাশি নির্বাচন বর্জন ও সরকারের পদত্যাগ দাবিতে কর্মসূচি পালনের কথা জানান আইনজীবী নেতারা।
সংবাদ সম্মেলনে এজে মোহাম্মদ আলী বলেন, ‘‘এত বছর পরে আমরা ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্রের প্রতিফলন দেখতে পাচ্ছি।’’