× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ ডিসেম্বর মানববন্ধন

আদালতের দৃষ্টি আকর্ষণে হাইকোর্টের সামনে বিএনপিপন্থি পেশাজীবীদের মানববন্ধন আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ০৯:১২ এএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ১১:৩২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকাসহ সারা দেশের জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালনে প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিএনপি। এরই মধ্যে রাজধানীতে মানববন্ধনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)  কমিশনার কার্যালয়ে অনুমতি চাওয়া হয়েছে। তবে এদিন রাজধানীতে সমাবেশ করার অনুমতি পায়নি আওয়ামী লীগ। ফলে বিএনপি মানববন্ধনের অনুমতি পাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে অনুমতি না পেলে কর্মসূচি বাস্তবায়নে বিকল্প ব্যবস্থা রেখেছে দলটি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার ১০ ডিসেম্বরের এ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে মানবাধিকার দিবসের কর্মসূচি পালনের তিন দিন আগে আজ বৃহস্পতিবার ঢাকায় বিএনপি সমর্থক পেশাজীবীরাও একই কর্মসূচি পালন করবেন। বিএনপির ডাকা অবরোধের মধ্যে দুপুর ১২টার দিকে হাইকোর্টের সামনে এ কর্মসূচি পালিত হবে।

সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মূলত দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, হয়রানি ও জামিনের বিষয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করতেই হাইকোর্টের সামনে এ মানববন্ধন হচ্ছে। এজন্য আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি তোলা হয়েছে।’

আইনজীবীসহ বিএনপি সমর্থক পেশাজীবীরা যখন হাইকোর্টের সামনে মানববন্ধন করবেন প্রায় একই সময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা নাশকতার মামলার জামিন শুনানি হবে উচ্চ আদালতে।

হরতাল-অবরোধের ফাঁকে ফাঁকে ইস্যুভিত্তিক সমাবেশ, মানববন্ধনসহ কিছু জনসম্পৃক্ত কর্মসূচি পালনের যে সিদ্ধান্ত বিএনপি নিয়েছে, এরই অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হচ্ছে।

আজ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি সমর্থিত সাংবাদিকদের সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।

সংগঠনটির সাধারণ সম্পাদক খুরশীদ আলম জানান, দৈনিক দিনকাল, আমার দেশ, দিগন্ত টিভিসহ বন্ধ মিডিয়া খুলে দেওয়া, গ্রেপ্তার সাংবাদিকসহ পেশাজীবীদের মুক্তি এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এরই মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবীদের উদ্যোগে মানববন্ধন, কারাবন্দি নেতাদের স্বজনদের ব্যানারে মানববন্ধন ও শ্রমিক সমাবেশ করেছে বিএনপি।

১০ ডিসেম্বর মানববন্ধন

২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে সংঘর্ষের পর নেতাকর্মীরা কোথাও জড়ো হতে পারছেন না। তাই মানবাধিকার দিবসের কর্মসূচি ভালোভাবে পালন করার সিদ্ধান্ত হয়েছে বিএনপি। বিএনপির নীতিনির্ধারকরা আশা করছেন, এ কর্মসূচিতে উপস্থিতির মধ্য দিয়ে সারা দেশে দলের নেতাকর্মীর বড় একটি অংশ প্রকাশ্যে বের হওয়ার সুযোগ পাবে।

এজন্য কর্মসূচিটি সফল করতে দলের শীর্ষ নেতৃত্ব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।

ঢাকা মহানগর বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানান, মানববন্ধনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি না পেলে গুম হওয়া পরিবারের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ কর্মসূচি পালন করবে, তাতে বিএনপি নেতাকর্মীরা অংশ নেবেন। জেলা ও মহানগর পর্যায়ে অনুমতি না পেলে সেখানে বিএনপি সমর্থক পেশাজীবী ও নারী সংগঠনগুলোকে কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

মানববন্ধনের অনুমতির সিদ্ধান্ত এখনও নেয়নি ডিএমপি। গতকাল বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিন।

তিনি বলেন, ‘১৫ নভেম্বর তফসিলের পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সব সংস্থা কাজ করছে। এখন নির্বাহী বিভাগের যেকোনো সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না, আমাদের বিবেচনায় নিতে হয়। নির্বাচন কমিশনও সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে, এ অবস্থায় কোথাও কিছু করতে গেলে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণকে আমরা স্বাগত জানাব। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ ডিএমপি অনুসরণ করবে।’

অবশ্য বিএনপি নেতারা বলছেন, মানবাধিকার দিবসের কর্মসূচির অনুমতি দেওয়া না হলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশিদের তা নজরে আসবে।

আওয়ামী লীগের কর্মসূচি শিল্পকলায়

মানবাধিকার দিবস উপলক্ষে আগামী রবিবার ঢাকার শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। এর আগে বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাসী বাহিনীর’ দ্রুত বিচার দাবিতে মানবাধিকার দিবসে বায়তুল মোকাররমে সমাবেশের ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে অনুমতি না মেলায় কর্মসূচি বদলে সেদিন তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা করার ঘোষণা দেয় ক্ষমতাসীন দলটি।

সেই কর্মসূচিতেও পরিবর্তন এসেছে জানিয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর ঢাকার শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা করবে আওয়ামী লীগ।’

এর আগে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দিবসটি ঘিরে আওয়ামী লীগের ঘরোয়া কর্মসূচি থাকবে বলে জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে আওয়ামী লীগ সমাবেশ করছে না জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশন মানবাধিকার দিবসে সমাবেশ করার অনুমতি দিতে অপারগতা প্রকাশ করেছে, সেহেতু আমরা সমাবেশ করব না। তবে দিবসটি ঘিরে আওয়ামী লীগের ঘরোয়া কর্মসূচি থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা