বাসস
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২ ১৪:১৯ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২২ ১৪:৩৪ পিএম
ফাইল ফটো
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সব জায়গায় সব মোবাইল নেটওয়ার্ক সংযোগ পুনঃস্থাপন এবং বিরামহীনভাবে চলমান রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ ইমরুল কায়েস খান এ রিট দায়ের করেন।
এর আগে বুধবার সুপ্রিম কোর্ট ও সুপ্রিম কোর্ট বার ভবন এলাকায় নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা চেয়ে বেসরকারি টেলিকম সেবা কোম্পানি গ্রামীণফোনসহ সব অপারেটর কোম্পানিকে লিগ্যাল নোটিস পাঠানো হয়।
ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ ইমরুল কায়েস খান ইমেইলে এ নোটিস পাঠান। নোটিসে দ্রুত এ এলাকায় নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে নেটওয়ার্ক সংযোগ পুনঃস্থাপন এবং বিরামহীনভাবে নেটওয়ার্ক চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক বরাবর নোটিসটি পাঠানো হয়। নোটিস পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হলে পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়।
নোটিসে বলা হয়, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট হলো বিচারপ্রার্থীদের সর্বশেষ আশ্রয়স্থল। এখানে হাজার হাজার আইনজীবী তাদের পেশাগত কাজ করছেন। বিচারপ্রার্থীসহ অসংখ্য মানুষ প্রতিদিন এ অঙ্গনে আসছেন। এখানে আসা প্রত্যেকেই তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করেন। পেশাগত কাজে অনেকেই তাদের মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। সম্প্রতি এ অঙ্গনে সব অপারেটরের নেটওয়ার্ক না থাকায় কাজে বিঘ্ন ঘটছে। একে অন্যের সঙ্গে যোগাযোগ ও ইন্টারনেট সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এ অবস্থায় দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।
নোটিসের আলোকে সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।
প্রবা/ইউরি/জেও