প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২ ১২:৩০ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২২ ১৩:০৫ পিএম
বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ভারতীয় নাগরিক সুজিত কুমার পাইকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জ আদালতে যাওয়ার পথে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (২৩ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
সুজিত কুমার পাইকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশনা চেয়ে বুধবার রিটটি দায়ের করা হয়। লিন্ডে বাংলাদেশ কোম্পানি পিটিশনার হয়ে এ রিট দায়ের করে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের ইমিগ্রেশন বিভাগসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
রিট আবেদন থেকে জানা গেছে—সুজিত কুমার পাইয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খোন্দকার এরশাদ জাহান নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সুজিত কুমার পাই এখন ভারতে অবস্থান করছেন। মামলায় হাজিরা দিতে তিনি বাংলাদেশে আসতে চান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরাসরি নারায়ণগঞ্জের আদালতে আত্মসমর্পণ করতে যাবেন। এ কারণে রিটে বিমানবন্দরে নামার পর থেকে নারায়ণগঞ্জ আদালতে পৌঁছানো পর্যন্ত তাকে যেন গ্রেপ্তার ও হয়রানি না করা হয় সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে।
প্রবা/আরএম/জেও