× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ২১:৩৯ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ২১:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানার আদেশ স্থগিত করেছেন আদালত।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিচারক এমদাদুল হক আজাদের একক বেঞ্চ এই জামিন আদেশ দেন। জামিন শুনানিতে ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলে রাষ্ট্রপক্ষের উদ্দেশে মন্তব্য করেন হাইকোর্ট। 

আদালতে আদিলুর-এলানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আইনজীবী মো. রুহুল আমিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ‘৫৭ ধারার’ এই মামলায় গত ১৪ সেপ্টেম্বর আদিলুর রহমান খান ও এএসএম নাসির উদ্দিনকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াতের আদালত। সেই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। 

রায় ঘোষণার পর আদিলুর ও নাসির উদ্দিনকে কারাগারে পাঠানো হয়। এর আগে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের দেওয়া দুই বছরের কারাদণ্ড চ্যালেঞ্জ করে সাজা বাড়াতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে এই মামলায় দুই বছরের কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন চান আদিলুর ও নাসির। মঙ্গলবার আদিলুর ও নাসিরের জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের উল্লিখিত বেঞ্চে ওঠে।

শুনানির শুরুতে দুজনের জামিনের পক্ষে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম আদালতকে বলেন, ‘আমাদেরও বক্তব্য আছে।’ তখন হাইকোর্ট বলেন, ‘আসামিদের আইনজীবীদের আগে বলতে দিন। আপনি এখন লাফ দিয়ে উঠছেন কেন?’

আসামিদের আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতকে বলেন, ‘তথ্য-প্রযুক্তি আইনের মামলায় আসামিদের দুই বছরের সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এ সময় আবারও জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম। তখন আদালত উষ্মা প্রকাশ করেন। আদালত তার বক্তব্যের একপর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’

শুনানিতে অংশ নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম বলেন, ’তাদের (আসামিদের) বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া, অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, ‘তাহলে তাদের (আসামিদের) কম সাজা দিলেন কেন? তাহলে তো যাবজ্জীবন সাজা দেওয়া উচিত ছিল। দুই বছর দিলেন কেন?’

পরে আদালত আদিলুর ও নাসিরের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে তাদের জরিমানা স্থগিত ও জামিন মঞ্জুর করে আদেশ দেন। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের এই আদেশের ফলে আপাতত আদিলুর ও নাসিরের কারামুক্তিতে আইনগত বাধা নেই।

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে ২০১৩ সালের ১০ জুন মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৬১ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়। অপরদিকে মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক কম দাবি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা