এবি ব্যাংকের ঋণখেলাপি মামলা
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ২১:৫৮ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ২২:১৮ পিএম
ছবি : সংগৃহীত
কানাডায় পলাতক ঋণখেলাপি মাহিন এন্টারপ্রাইজের মালিকদের ১ হাজার ১২৫ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছেন আদালত। এবি ব্যাংক লিমিটেডের দায়ের করা মামলায় রবিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘ব্যাংকের ঋণ পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়ায় আদালত বিবাদীদের বিরুদ্ধে একতরফা রায় ঘোষণা করেন। বিবাদীরা কানাডা থেকে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, কিন্তু আদালত তাদের সেই সুযোগ দেননি।’
আদেশে বলা হয়, মামলায় বিবাদীপক্ষের বিরুদ্ধে একতরফা সূত্রে খরচাসহ ১ হাজার ১২৫ কোটি টাকার ডিক্রি হলো। বিবাদীদের রবিবার থেকে ৩০ দিনের মধ্যে ডিক্রিকৃত টাকা বাদী ব্যাংকের অনুকূলে পরিশোধের নির্দেশ দেওয়া হলো। ব্যর্থ হলে আইন অনুযায়ী সুদসহ বাদীপক্ষ ডিক্রিকৃত টাকা বিবাদীপক্ষ থেকে আদায় করতে পারবে। নাগরিকদের আমানতের টাকা আদায় করার জন্য বিবাদীদের কানাডা থেকে দেশে ফেরত আনার কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য আদেশের কপি সিনিয়র সচিব, অর্থ বিভাগ; সিনিয়র সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানোর আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ঋণ নিয়ে পরিশোধ না করায় শিপ ব্রেকিং খাতের ব্যবসায়ী মাহিন এন্টারপ্রাইজের মালিক আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে চলতি বছরের জুনে মামলাটি করে এবি ব্যাংক। মামলায় আশিকুর রহমান লস্করসহ চারজনকে বিবাদী করা হয়। মামলায় অপর তিন আসামি হলেন—এআরএল শিপ ব্রেকিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিউর রহমান লস্কর, তার স্ত্রী শামসুন নাহার লস্কর ও রাবেয়া লস্কর।
ওই মামলায় শুনানির জন্য বিবাদীরা আদালতে উপস্থিত না হওয়ায় আগেই এদিন একতরফা রায় ঘোষণার তারিখ ধার্য করেন আদালত।