প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০১ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৩ পিএম
জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত
একাদশ জাতীয় সংসদের ২৪তম
(২০২৩ সালের চতুর্থ) অধিবেশন শুরু হচ্ছে রবিবার (৩ সেপ্টেম্বর)। সংসদ অধিবেশন
চলাকালে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু
নিষেধাজ্ঞা আরোপ ও চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত
এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে শনিবার রাত ১২টা থেকে
সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষেধ করা হয়েছে।
যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা
বহাল থাকবে– ময়মনসিংহ
রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর
লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত,
পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে
ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬
(পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির
সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন
ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া
অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত
এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।
একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও আদেশে জানানো হয়।