নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২ ১২:০১ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২২ ১২:৪৫ পিএম
আল-আমিন হোসেন। ছবি : সংগৃহীত
ভরণপোষণ ও সন্তানদের খরচের দাবিতে ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রীর করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি বলে জানিয়েছেন আদালত।
বুধবার (১২ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আল-আমিনের লিখিত জবাব দাখিলের ওপর শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার স্ত্রী ইসরাত জাহান আইনজীবীর মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।
পরে বিভিন্ন সংবাদমাধ্যমে আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে মর্মে খবর প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, ‘এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির সুযোগ নেই।’
এদিন এজলাসে বিচারক বলেন, ‘এটি পারিবারিক সুরক্ষা মামলা। এ মামলায় আল-আমিন জবাব দিয়েছেন। জবাবের একটি কপি আল আমিনের স্ত্রী পাওয়ার হকদার। তবে যে আইনে মামলাটি দায়ের করা হয়েছে তার ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুযোগ নেই। শুনানিতে বাদী উপস্থিত হলে এক ঘণ্টা পর তাকে আসতে বলা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তিনি উপস্থিত না হওয়ায় আগামী ১৬ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করা হয়।’
এর আগে ৬ অক্টোবর একই আদালতে আল-আমিন লিখিত জবাব দাখিল করেন। সেখানে বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পাওয়ায় স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
তবে বকেয়া দেনমোহর ও নির্দিষ্ট সময় পর্যন্ত ভরণপোষণ দেওয়ার বিষয়টি ৭ পাতার লিখিত জবাবে উল্লেখ করেননি আল-আমিন।
প্রবা/এইচকে/এমজে