নাটোর প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৬:১৫ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৬:৪৩ পিএম
জামিন আবেদন নামঞ্জুর করে নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুকে কারাগারে পাঠান আদালত। প্রবা ফটো
নাটোরে যুবলীগ নেতা মিঠুন আলীর ডান হাতের কবজি কর্তন মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম এ রায় দেন। এ সময় মামলার অপর তিন আসামি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মকুল ও আওয়ামী লীগ কর্মী সেন্টুকে জামিন দেন আদালত। মিঠুন আলী নাটোর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান, মামলার চার আসামি আদালতে হাজির হয়ে বিচারকের কাছে জামিন আবেদন করেন। আদালত তিনজনের জামিন আবেদন মঞ্জুর করলেও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আল বাবলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুরেই সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুকে কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।
২৩ জুলাই রাতে শহরের বলারিপাড়া এলাকায় মিঠুন আলীর ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ ঘটনায় ২৫ জুলাই রাতে মিঠুনের ছোট ভাই স্বপ্ন বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ৩০ জনকে আসামি করে নাটোর সদর থানায় মামলা করেন।