প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১৩:২৫ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ১৩:৪৩ পিএম
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ২০২২ সালের অভিভাবক প্রতিনিধি নির্বাচন ও এর তফসিল ঘোষণা বন্ধ রাখতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্কুলটির পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক তিন্না খুরশিদ জাহানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব সোমবার (৩ অক্টোবর) নোটিশটি পাঠান।
শিক্ষা সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির চেয়ারম্যান ও স্কুলের অধ্যক্ষকে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশ পাঠানোর বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে আইনজীবী হুমায়ন কবির বলেন, ‘তিন্না তার ভাইয়ের মেয়ের অভিভাবক হিসেবে আদালতে মনোনীত হয়েছেন। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তিন্নাকে জানিয়ে চিঠি লেখেন।’
আইনজীবী বলেন, ‘২০২২ সালের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তিন্না অভিভাবক হিসেবে ফরম পূরণ করে জমা দেন। কিন্তু তার নাম অন্তর্ভুক্ত না করেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তিন্না তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষা সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, স্কুলের অ্যাডহক কমিটির চেয়ারম্যান এবং অধ্যক্ষ বরাবর আবেদন করেন। কিন্তু আবেদনে কোনো সাড়া মেলেনি।’
‘এ কারণে তিনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, যেহেতু তিন্না আদালত কর্তৃক উক্ত শিক্ষার্থীর অভিভাবক মনোনীত হয়েছেন। তার ভোটার হওয়ার আইনগত অধিকার রয়েছে। তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করে কর্তৃপক্ষ আদালতের আদেশ অমান্য করেছেন, যা স্পষ্টত আদালত অবমাননা এবং শাস্তিযোগ্য অপরাধ।’
প্রবা/আরকে/জেও