প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৬:০০ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৬:০৪ পিএম
দুর্নীতির মামলায় বরিশালের সাবেক ওসি এবং রাজধানীর গুলশান জোনের সাবেক উপ-পরিদর্শক ফিরোজ কবিরকে ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার স্ত্রী সাবরিনা আহমেদকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি ফিরোজ কবিরকে এক কোটি ৭৪ লাখ ৩৪ হাজার ৬৩৮ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। একইসঙ্গে ৮৭ লাখ ১৭ হাজার ১৯৪ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। ফিরোজ কবিরকে অর্থদণ্ডের টাকা রায়ের দিন থেকে ৬০ কার্যদিবসের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ফিরোজ কবির ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২০১৬ সালের ৩১ মে পর্যন্ত এবি ব্যাংক গুলশান শাখা, ডাচ বাংলা ব্যাংক গুলশান শাখা, এনআরবি কর্মাশিয়াল ব্যাংকের গুলশান শাখা, ইসলামী ব্যাংক গুলশান শাখা, ব্র্যাক ব্যাংক গুলশান শাখার চলতি হিসাব এবং তার স্ত্রী সাবরিনা আহমেদ ইভার নামে পরিচালিত ডাচ বাংলা ব্যাংকের গুলশান শাখার হিসাবে জ্ঞাত আয় বহির্ভূত সর্বমোট ৩ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকা জমা করেন। তাদের ব্যাংক হিসাবগুলোতে পেশার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল অঙ্কের লেনদেন হয়েছে।
অধিকাংশ হিসাব খোলার সময় ফিরোজ কবির অর্থের উৎস চাকরি দেখিয়েছেন। কিন্তু যে ধরনের ও যে অঙ্কের লেনদেন হয়েছে তা বেতন-ভাতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অর্থের উৎস সম্পর্কে অভিযুক্তরা কোনো সন্তোষজনক ব্যাখ্যা বা প্রমাণ দাখিলে ব্যর্থ হয়েছেন।
এ নিয়ে দুদকের সহকারী পরিচালক সৈয়দ আতাউল কবির ২০১৭ সালের ৩ অক্টোবর গুলশান থানায় মামলা করেন। মামলাটি তদন্তের পর ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি চার্জশিট দাখিল করেন তিনি।