প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৩:৩৪ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ১৫:১৫ পিএম
র্যাবের হাতে গ্রেপ্তার সোহেল রানা। ফাইল ফটো
সাভারে রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় করা মামলায় ভবনটির মালিক সোহেল রানার জামিন বিষয়ে শুনানি ছয় মাসের জন্য স্ট্যান্ডওভার রেখেছেন আপিল বিভাগ। এ ছয় মাস তার জামিন স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ সোমবার (১০ জুলাই) এ আদেশ দেন।
আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করা অ্যাডভোকেট এসএম শাহজাহান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ৮ মে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন ১০ জুলাই পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ।
ওইদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত ৬ এপ্রিল এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু পরে ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার জজ আদালত। ফলে রানার মুক্তিও স্থগিত হয়ে যায়।
এর আগে গত বছরের মার্চে রানাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলকে যথাযথ ঘোষণা করেই ৬ এপ্রিল তাকে জামিন দেওয়া হয়েছিল।
২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়। যাদের প্রায় সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। এ ঘটনায় হওয়া হত্যা মামলার প্রধান আসামি ভবনের মালিক সোহেল রানা।